25/04/2026
আজ দুপুরে একজন ভদ্রলোক একটি ব্যাংক ঋণ সংক্রান্ত সমস্যার বিষয় নিয়ে আলোচনার জন্যে আমার সাথে দেখা করতে এসেছিলেন। কেন ওই আলোচনার বিষয়টা সোসাল মিডিয়ায় লিখছি সেটা জানতে পুরো লেখাটা ধৈর্য নিয়ে পডুন সম্মানীয় বন্ধুরা ,বিশেষ করে যারা সবে আইনজীবির পেশায় এসেছেন।
আমি লক্ষ্য করলাম যে ভদ্রলোক ইন্টারনেটে কিছুটা স্টাডি করেছেন এবং প্রাসঙ্গিক আইনগত বিষয়গুলি সম্পর্কে কিছুটা অবগত। সেই স্টাডির ভিত্তিতে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে, ওনার ব্যাংক ঋণ ( বাণিজ্যিক ঋণ) সংক্রান্ত সমস্যার কারণে তিনি স্টেট কনজিউমার ফোরামে মামলা করবেন বিরাট অংকের ক্ষতিপুরন চেয়ে। সিভিল কোর্টে সিভিল সুটের দীর্ঘসুত্রিতা এড়াতে স্টেট কঞ্জুমার ফোরামে মামলা করতে চান উনি। একজন ঋণগ্রহীতা অবশ্যই কনজিউমার ফোরামে যেতে পারেন যদি তিনি ব্যাংকের পরিসেবায় অসন্তুষ্ট হন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে। যদি ঋণগ্রহীতা ( Borrower) ব্যবসায়িক বা বাণিজ্যিক উদ্দেশ্যে ঋণ নিয়ে থাকেন তাহলে তিনি কনজিউমার ফোরামে মামলা করতে পারবেন না। সে ক্ষেত্রে তাকে সিভিল কোর্টে সিভিল সুট ফাইল করতে হবে অথবা উপযুক্ত অন্য কোনও ফোরামের দ্বারস্থ হতে হবে। আমার কথাগুলো শুনে উনি বেশ বিরক্ত হলেন এবং উল্টে আমাকেই আইনের পাঠ দিতে শুরু করলেন। শুধু তাই নয় ইতিপুর্বে উনি এই বিষয় নিয়ে অনেক নামী-দামী আইনজীবিদের সাথে নাকি আলোচনা করেছেন কিন্তু তারা কেউই আমার মত এই রকম মনগড়া কথা বলেন নি।কি জানি আদৌ উনি সত্যি বলছেন কিনা কে জানে!! তবে আমি আইনি বিষয়ে কোন আলোচনা বা পরামর্শ " মনগড়া উত্তরের" ভিত্তিতে কখনই দেই না। জানা না থাকলে সোজা সাপটা বলে দেই " এই মুহুর্তে আমার জানা নেই ,স্টাডি করে জানাব"। সমস্যাটা হচ্ছে ইন্টারনেটে আইন জানাটা অনেকটাই আধখ্যাচড়া মার্কা হয়ে থাকে সেটাই অনেকে অনেক সময়ে বুঝতে চান না।
তো কনজুমার ফোরামের এক্তিয়ার নিয়ে এই ব্যাপারে অনেক সময় আমরা আইনজীবীরাও এই পার্থক্যটি বুঝতে ভুল করি। এমন কি দেশের সর্বোচ্চ কনজুমার ফোরামের [The National Consumer Disputes Redressal Commission ( NCDRC) ] এর বিচারপতিরাও ভুলটা করেছিলেন Central Bank Of India বিরুদ্ধে M/s Ad Bureau Advertising এর দায়ের করা মামলার জাজমেন্ট দিতে গিয়ে।আমি ভদ্রলোককে বুঝিয়ে বললাম যে, যেহেতু তাঁর ঋণটি বাণিজ্যিক উদ্দেশ্যে নেওয়া, তাই তিনি কনজিউমার ফোরামে যেতে পারবেন না। কেন না The Chief Manager, Central Bank Of India v M/s Ad Bureau Advertising মামলায় মহামান্য সুপ্রীমকোর্ট ( Justice Mr. Sudhanshu Dhulia এবং Justice Mr.P.K. Mishra এর ডিভিশান বেঞ্চ) এর 28 February 2025 তারিখের রুলিং এ স্পষ্ট বলা হয়েছে ,বিশেষ করে জাজমেন্টের ২১ তম প্যারায় :-
"21. From an analysis of the aforementioned decisions, it is quite clear that what is to be seen here is that whether the dominant intention or dominant purpose for the transaction was to facilitate some kind of profit generation for the person who has availed the service. Therefore, it is our considered opinion that the respondent No.1 is not a ‘consumer’ in terms of Section 2 (1) (d) (ii) of the Act."
আসুন বন্ধুরা এবার আমরা একাডেমিক আলোচনায় আসি।
প্রশ্ন নং ১:
ব্যবসা বা মুনাফার উদ্দেশ্যে ঋণ নেওয়া হলে ঋণগ্রহীতা কি “ভোক্তা” (consumer) হিসেবে গণ্য হবেন?
★উত্তর: না। বাণিজ্যিক বা মুনাফার উদ্দেশ্যে নেওয়া ঋণ কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের অধীনে “ভোক্তা” হিসেবে গণ্য হয় না।
প্রশ্ন নং ২:
এমন ঋণগ্রহীতা কি ব্যাংকের বিরুদ্ধে কনজিউমার ফোরামে অভিযোগ দায়ের করতে পারেন?
★উত্তর: না। এই ধরনের অভিযোগ কনজিউমার ফোরামে গ্রহণযোগ্য নয়।
প্রশ্ন নং ৩:
তাহলে এই ধরনের মামলা /অভিযোগ কোথায় দায়ের করতে হবে?
★উত্তর: উপযুক্ত দেওয়ানি আদালত বা অন্যান্য সক্ষম আইনগত ফোরামের সামনে।
তো আমি উপরে মহামান্য সুপ্রীম কোর্টের যে জাজমেন্টটা উল্লেখ করেছি সেই মামলার সামারিটা ( মামলার সারসংক্ষেপ ) জেনে নিন সম্মানীয় বন্ধুরা:-
♣ মামলার সারসংক্ষেপ:
২০১৪ সালে, অ্যাড ব্যুরো অ্যাডভার্টাইজিং একটি চলচ্চিত্রের পোস্ট-প্রোডাকশন কাজের জন্য সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া থেকে ১০ কোটি টাকার একটি প্রকল্প ঋণ (project loan ) নিয়েছিল। ঋণ পরিশোধে ব্যর্থতার পর, ব্যাংক ঋণটিকে অনাদায়ী সম্পদ (NPA) হিসেবে ক্লাসিফায়েড করে SARFAESI Act, 2002 এ মামলা করে এবং Debt Recovery Tribunal থেকে অর্ডার লাভ করে। এরপরে উভয় পক্ষের মধ্যে একটা লোন সেটেলমেন্টও হয় এবং পুরো বিষয়টা মিটে যায়। কিন্তু সেটেলমেন্ট হওয়া সত্ত্বেও ব্যাংক বিজ্ঞাপন সংস্থাটিকে বাংক ডিফল্টার হিসেবে CIBL (credit information bureau)
তে রিপোর্ট করলে বিজ্ঞাপন সংস্থাটির সিবিল স্কোর খারাপ হওয়ার ফলে বিজ্ঞাপন সংস্থাটির সুনাম ক্ষুণ্ণ হয়। মামলাও হয় ,ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রেড্রেসাল কমিশন (NCDRC) ব্যাংকের পরিষেবায় ত্রুটি[ Deficiency of service, as defined under the Consumer Protection Act, 2019 (Section 2(11))] খুঁজে পান এবং ৭৫ লক্ষ টাকা ক্ষতিপূরণসহ মামলার খরচ প্রদানের নির্দেশ দেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াকে। এর পরে আপীল হলে মহামান্য সুপ্রিম কোর্ট NCDRC-র আদেশ বাতিল করে জানান যে বিজ্ঞাপন সংস্থাটি আইনের ধারা ২(১)(ডি)-এর অধীনে ‘ভোক্তা’ ( কন্সুমার) নয়।শীর্ষ আদালত স্পষ্ট করে উল্লেখ করেছিলেন যে দেশের সর্বোচ্চ কনজুমার ফোরাম ( The National Consumer Disputes Redressal Commission , NCDRC) এর কোন এক্তিয়ারই ছিল না ওই মামলার হিয়ারিং এবং জাজমেন্টের।
আবারও বলছি এই গুরুত্বপূর্ণ রায়ে মহামান্য সুপ্রিম কোর্ট স্পষ্ট উল্লেখ করেছিলেন যে যদি কোনও ঋণ বাণিজ্যিক বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে নেওয়া হয় তবে সেই ঋণগ্রহীতা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, ১৯৮৬-এর ধারা ২(১)(ডি)(ii)-এর অধীনে “ভোক্তা” হিসেবে গণ্য হন না।মহামান্য শীর্ষ আদালত পর্যবেক্ষণ করেছেন যে, যেসব লেনদেন সম্পূর্ণভাবে বাণিজ্যিক প্রকৃতির, বিশেষ করে ব্যবসা সম্প্রসারণ, বাণিজ্য বা মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে করা হয়, সেগুলি ব্যবসা-থেকে-ব্যবসা (Business to business) ) লেনদেন হিসেবে বিবেচিত হয় এবং তাই এগুলি “কনজিউমার ডিসপিউট”-এর আওতার বাইরে।
আইনের এই ব্যতিক্রমটি জোর দিয়ে উল্লেখ করে বেঞ্চ বলেছেন যে, “commercial purposes”-এর জন্য নেওয়া পরিষেবা কনজিউমার আইনের সুরক্ষা পায় না, যদি না তা জীবিকা নির্বাহের জন্য স্বনিযুক্তির সীমিত ব্যতিক্রমের মধ্যে পড়ে, যা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়।
শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে যে, এই ধরনের বাণিজ্যিক লেনদেন থেকে উদ্ভূত বিরোধগুলির নিষ্পত্তি উপযুক্ত দেওয়ানি আদালত (Civil Court) বা অন্যান্য Compitent Forum এ করতে হবে, কনজিউমার ফোরামে নয়।
তবে পরিশেষে বলব যে যদি ঋণগ্রহীতা অবাণিজ্যিক লোন মানে ব্যক্তিগত ঋণ, ক্রেডিট কার্ড বা গৃহঋণ গ্রহণ করেন তাহলে তিনি অবশ্যই “ভোক্তা” ( consumer) হিসেবে গণ্য হবেন।
দীর্ঘ লেখাটা ধৈর্য সহকারে পড়ার জন্যে সম্মানীয় বন্ধুদের কৃতজ্ঞতা জানাই। সম্মানীয় বন্ধুরা সংগে থাকুন ,ভালো থাকুন।
★Written by :
G.C Mandal Advocate
High Court at Calcutta
From :Tollygunj
Ph 9830856567
(25/05/2026)