10/07/2025
আজ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ,
যেভাবে জানা যাবে।
কক্সবাজার হালচাল রিপোর্ট :
আজ বৃহস্পতিবার (১০ জুলা্ই) সব বোর্ডের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনায় তিনি এ কথা জানান
শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোনো বাহুল্য ছাড়াই সব বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। ইন্টারনেট এবং টেলিটক মোবাইলে এসএমএস করে ফল জানা যাবে।
শিক্ষা উপদেষ্টা বলেন, এবার অনাড়ম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। এবারের এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না।
তিনি বলেন, ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিজেদের মতো করে প্রকাশ করবে।
গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছিল। এ বছর ১৯ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগহণ করে।
এদিন দুপুর ২টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
এসএমএসের মাধ্যমে যেভাবে মিলবে ফল
টেলিটক জানিয়েছে, যে কোনো মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহারণ : SSC Board Name (First 3 letters)RollYear
দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
ওয়েবসাইটে ফল মিলবে যেভাবে
শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd-এ এসএসসি ও সমমান পরীক্ষার ফল মিলবে