30/12/2025
পর্ব- ৫ (শেষ পর্ব)
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩
আইনি লড়াই ও প্রতিকার, কীভাবে এবং কোথায় মামলা করবেন?
গত ৪টি পর্বে নতুন ভূমি আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। কিন্তু আপনার জমি নিয়ে সমস্যা থাকলে বা জালিয়াতির শিকার হলে আপনি ঠিক কোথায় যাবেন?
পুলিশ, ম্যাজিস্ট্রেট নাকি দেওয়ানি আদালত?
সিরিজের শেষ পর্বে আজ আলোচনা করবো আইনি লড়াইয়ের সঠিক রোডম্যাপ নিয়ে।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ আপনার হাতে যে ক্ষমতা দিয়েছে, তা ব্যবহারের সঠিক পদ্ধতি হলো:
১. দ্রুত প্রতিকারের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট (ধারা ৮):
যদি আপনার জমি কেউ গায়ের জোরে দখল করে নেয় এবং আপনার কাছে বৈধ কাগজপত্র থাকে, তবে আপনি সরাসরি জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর কাছে আবেদন করতে পারেন।
এটি দেওয়ানি মামলার চেয়ে অনেক দ্রুত। ম্যাজিস্ট্রেট তদন্ত সাপেক্ষে দখলদারকে উচ্ছেদের আদেশ দিতে পারেন।
তবে দখল হওয়ার ২ বছরের মধ্যে এই আবেদন করতে হয়। দেরি করলে অধিকার হারানোর ঝুঁকি থাকে।
২. ফৌজদারি অপরাধের বিচার (বিশেষ আদালত):
দলিল জালিয়াতি, প্রতারণা বা শান্তি বিনষ্টের মতো অপরাধের জন্য এই আইনে বিশেষ 'ভূমি অপরাধ ট্রাইব্যুনাল' গঠনের কথা বলা হয়েছে। যতক্ষণ এটি গঠিত না হচ্ছে, ততক্ষণ জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পর্যায়ের আদালত এই বিচার করবেন।
এখানে দোষী সাব্যস্ত হলে অপরাধীর জেল এবং জরিমানার বিধান রয়েছে।
আইনি লড়াইয়ে একজন আইনজীবীর ভূমিকা কেন অপরিহার্য?
অনেকে মনে করেন শুধু দরখাস্ত দিলেই জমি উদ্ধার হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। একজন আইনজীবী আপনার জন্য তিনটি গুরুত্বপূর্ণ কাজ করেন:
১. আপনার ফোরাম কোনটি, সমস্যাটি কি ম্যাজিস্ট্রেটের কাছে যাবে নাকি সরাসরি ট্রাইব্যুনালে? ভুল জায়গায় মামলা করলে শুধু সময় এবং অর্থই নষ্ট হবে।
২. কাগজপত্র বা এভিডেন্স ম্যানেজমেন্ট করে সিএস থেকে বিএস পর্যন্ত রেকর্ড এবং বায়া দলিলের যে জটিল চেইন, তা আইনিভাবে উপস্থাপন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। একজন আইনজীবী আপনার দুর্বল দিকগুলো মেরামত করে মামলাটি মজবুত করেন।
৩. আইনি ড্রাফটিং এর মাধ্যমে, আপনার আবেদনের ভাষা এবং আইনি ধারার সঠিক প্রয়োগই নির্ধারণ করে আপনি প্রতিকার পাবেন কি না।
জমি আপনার, সুরক্ষা আইনের
ভূমি সংক্রান্ত বিরোধ এখন আর বংশপরম্পরায় চলার বিষয় নয়। ২০২৩ সালের এই নতুন আইন আপনাকে দ্রুত ও কার্যকর প্রতিকারের সুযোগ করে দিয়েছে। আপনার নীরবতা বা দেরি করা ভূমিদস্যুদের আরও শক্তিশালী করতে পারে। তাই আইন জানুন এবং নিজের সম্পদের অধিকার বুঝে নিন।
"সঠিক দলিল এবং সময়োপযোগী আইনি পদক্ষেপই আপনার জমির সবচেয়ে বড় রক্ষাকবচ।"
রাশিদা চৌধুরী নিলু
এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট