22/09/2026
প্রবাসী ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধানের উপায়, প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধী সন্তানদের আর্থিক অনুদান ও সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক আইন সহায়তা (নাস) ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং রেইজ প্রকল্প, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর সহযোগিতায় গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাহমিদ কমিউনিটি সেন্টার, কয়কীর্তন, শ্রীনগর, মুন্সিগঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহিদ আনোয়ার, উপ-প্রকল্প পরিচালক, রেইজ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজালাল, সহকারী পরিচালক, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
নাগরিক আইন সহায়তা (নাস) ফাউন্ডেশন-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রিয়াজুল ইসলাম, প্রিন্সিপাল, নিউ অক্সফোর্ড কিন্ডারর্গাডেন এন্ড হাই স্কুল।
আলোচনা সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশি এবং তাদের পরিবারের বিভিন্ন সামাজিক, পারিবারিক, আর্থিক ও আইনগত সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে প্রবাসে অবস্থানরত ব্যক্তিদের সম্পত্তি ও ভূমি সংক্রান্ত বিরোধ, পারিবারিক সমস্যা, উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা, প্রতারণা ও আর্থিক অনিয়ম এবং দেশে চলমান মামলা-মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য বিদ্যমান শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তা এবং কল্যাণমূলক সুবিধা গ্রহণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য সরকারি ও প্রাতিষ্ঠানিকভাবে প্রদত্ত আর্থিক অনুদান ও অন্যান্য কল্যাণমূলক সহায়তা পাওয়ার ক্ষেত্রে কীভাবে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে, সে বিষয়েও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব জাহিদ আনোয়ার প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সেবার কথা তুলে ধরেন। তিনি প্রবাসী পরিবারের সদস্যদের সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রবাসী কল্যাণ সেন্টারের সহায়তা নেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি জনাব মোঃ শাহজালাল প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা কী ধরনের সেবা ও সহায়তা পেতে পারেন, সে বিষয়ে আলোচনা করেন এবং সরকারি কল্যাণমূলক কর্মসূচির সুবিধা গ্রহণে সঠিক তথ্যের গুরুত্ব তুলে ধরেন।
নাগরিক আইন সহায়তা (নাস) ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হাসান বলেন, প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা দেশে বিভিন্ন ধরনের আইনগত ও পারিবারিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এসব সমস্যা যথাযথ আইনগত পরামর্শ ও সহায়তার মাধ্যমে সমাধানের লক্ষ্যে নাস ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান তুহিন বলেন, প্রবাসীদের পরিবার যেন সম্পত্তি, উত্তরাধিকার, পারিবারিক বিরোধ, প্রতারণা কিংবা মামলা সংক্রান্ত সমস্যায় অসহায় হয়ে না পড়ে, সেজন্য সচেতনতা ও প্রাথমিক আইনগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধী সন্তানদের আর্থিক সহায়তার মতো সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে পরিবারগুলোকে অবহিত করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে জনাব রিয়াজুর ইসলাম বলেন, প্রবাসীদের অবদান দেশের অর্থনীতি ও সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসী পরিবারের সদস্যদের অধিকার, সরকারি সুযোগ-সুবিধা ও আইনগত সহায়তা সম্পর্কে সচেতন করা হলে তারা বিভিন্ন জটিলতা মোকাবিলায় আরও সক্ষম হবেন।
আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবাসী পরিবারের সদস্য, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা প্রবাসী ও তাদের পরিবারের কল্যাণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।