24/07/2026
বিষয়: ভূমি মন্ত্রণালয়ের ০৫ মার্চ ২০২৪ তারিখের পরিপত্রের আলোকে বাতিলকৃত ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির রেকর্ড সংশোধন ও ভূমি উন্নয়ন কর গ্রহণ সংক্রান্ত মতামত।
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ এর ২৮ক ধারার বিধান অনুযায়ী ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি বাতিল করা হলেও উক্ত সম্পত্তিতে সরকার বা কোনো ব্যক্তির আইনানুগ স্বত্ব বা স্বার্থের বিষয়টি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়নি। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ০৫ মার্চ ২০২৪ তারিখে স্মারক নং-৩১.০০.০০০০.০৪৫.৫৩.০৬০.১৬-৬৪ মূলে জারিকৃত পরিপত্রে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
উক্ত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী, বাতিলকৃত ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির ক্ষেত্রে কেবল ‘খ’ তফসিল বাতিল হওয়ার কারণে পূর্বের সকল দাবি স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হবে না; বরং সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক দাখিলকৃত বৈধ দলিলাদি, মালিকানার ধারাবাহিকতা, আদালতের আদেশ এবং বিদ্যমান রেকর্ড যাচাইপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
যেসব সম্পত্তির ক্ষেত্রে বৈধভাবে হোল্ডিং খোলা ছিল এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর আদায় করা হতো, সেসব ক্ষেত্রে পূর্বের ন্যায় ভূমি উন্নয়ন কর গ্রহণ অব্যাহত রাখতে হবে। এছাড়া বৈধ রেজিস্ট্রিকৃত দলিল থাকা সত্ত্বেও যেসব ক্ষেত্রে রেকর্ড সংশোধন হয়নি, দলিলের সত্যতা ও মালিকানার ধারাবাহিকতা যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির নামে হোল্ডিং খোলা এবং ভূমি উন্নয়ন কর গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা যাবে।
আবার, যেসব সম্পত্তি আদালতের রায়ের মাধ্যমে অবমুক্ত হয়েছে অথবা ‘খ’ তফসিল বিলুপ্তির কারণে বিচারাধীন মামলা আইনগতভাবে অকার্যকর (abate) হয়েছে, সেসব ক্ষেত্রে আবেদনকারীর দাখিলকৃত কাগজপত্র ও মালিকানার ধারাবাহিকতা যাচাই করে রেকর্ড সংশোধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তবে কোনো ব্যক্তি যদি বাতিলকৃত ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির মালিকানা দাবির সমর্থনে বৈধ দলিল বা আইনগত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৯২ ধারা অনুযায়ী উক্ত সম্পত্তি খাস করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অতএব, বাতিলকৃত ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই ছাড়া একদিকে যেমন ব্যক্তি মালিকানায় রেকর্ড সংশোধন করা যাবে না, তেমনি বৈধ দাবিদারদের আইনগত অধিকার থেকেও বঞ্চিত করা যাবে না। প্রতিটি আবেদন আইন, বিধি ও ভূমি মন্ত্রণালয়ের উল্লিখিত পরিপত্রের নির্দেশনা অনুসরণ করে নিষ্পত্তি করা সমীচীন।
মতামত:
বাতিলকৃত ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির রেকর্ড সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারীর বৈধ দলিলাদি, মালিকানার ধারাবাহিকতা, দখল এবং পূর্ববর্তী রেকর্ড যাচাইপূর্বক রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ১৪৩ ও ১৪৪ ধারার বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রমাণিত বৈধ মালিকের ক্ষেত্রে রেকর্ড সংশোধন ও ভূমি উন্নয়ন কর গ্রহণ করা যাবে এবং বৈধ প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হলে ৯২ ধারায় খাস করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সংগৃহিত