01/02/2026
হঠাৎ একদিন পুরনো স্ট্যাটাসগুলো ঘেঁটে দেখবেন—
যে বন্ধুরা তখন কমেন্ট করত, তাদের অনেকেই আজ আর ফেসবুকে নেই,
নেই আপনার জীবনের পরিসরেও।
ব্যস্ততার ভিড়ে বাস্তবতার কাছে নিজেকে ধীরে ধীরে সঁপে দিয়েছে সবাই।
মেসেঞ্জারে জমে থাকা পুরনো মেসেজগুলো যখন একদিন পড়ে দেখবেন,
হয়তো অজান্তেই কারও জন্য চোখের পাতা ভিজে যাবে।
যে বন্ধুটি একসময় এই ভার্চুয়াল জগতেই সবচেয়ে প্রিয় ছিল,
সেও একদিন নিঃশব্দে হারিয়ে যেতে পারে।
যে মানুষটা একদিন মেসেজ না পেলে রেগে যেত,
সেই মানুষটাই আজ মাসের পর মাস সময় পায় না
একটা রিপ্লাই দেওয়ার।
দেখতে দেখতে “seen” আর “last active”
দুটোই একসময় গুরুত্ব হারিয়ে ফেলে।
বাস্তবতার কাছে আমরা সবাই পরাজিত।
দায়িত্ব, স্বপ্ন আর প্রয়োজনের চাপে
আলাদা আলাদা পথে হাঁটতে হাঁটতে
আমরা একে অপরের থেকে দূরে সরে যাই—
কেউ টের পাই, কেউ পাই না।
তবুও দিনশেষে, রাতের অন্ধকারে,
হঠাৎ কোনো গান, কোনো শব্দ,
অথবা কোনো পুরনো নোটিফিকেশন
মনে করিয়ে দেয়—
একসময় এখানে কত মানুষ ছিল।
কিছু সম্পর্কের কোনো ঝগড়া হয় না,
কোনো বিদায়ও নেই—
শুধু কথা কমতে কমতে
একদিন নীরবতায় হারিয়ে যায়।
কিছু কষ্ট একান্তই নিজের হয়—
কাউকে বোঝানো যায় না,
বোঝালেও বোঝে না কেউ।
তাতে আর কী আসে যায়,
সবাই তো ভালোই আছে—
এই ভেবেই নিজেকে বুঝ দিই।
ভালো থাকুক আমাদের ভালোবাসার মানুষগুলো,
যারা কাছে নেই তবুও মনে রয়ে গেছে।
ভালো থাকুক তাদের ভালোবাসা, হাসি আর তামাশা—
আর আমাদের ভেতরে লুকিয়ে থাকা
নিঃশব্দ স্মৃতিগুলোও।