11/07/2026
বিচারকদের স্বাধীনতায় ভারতীয় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ: ভুল আদেশের জন্য সরাসরি ব্যবস্থা নয়, তবে উদ্দেশ্যপ্রণোদিত হলে রেহাই নেই-;
কৃষ্ণ প্রসাদ বর্মা বনাম বিহার রাজ্য (২০১৯) মামলার আলোকে একটি নিবিড় আইনি বিশ্লেষণ
১. ভূমিকা ও প্রেক্ষাপট
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে আইনের শাসন (Rule of Law) চূড়ান্ত শেষ কথা, সেখানে বিচারবিভাগের স্বাধীনতাকে কোনোভাবেই খর্ব করা যায় না। ভারতের সুপ্রিম কোর্ট ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর কৃষ্ণ প্রসাদ বর্মা (ডি) থ্রু এলআরএস বনাম বিহার রাজ্য ও অন্যান্য (দেওয়ানি আপিল নং ৮৯৫০/২০১১) মামলায় এক ঐতিহাসিক রায় প্রদান করে। এই রায়ের মাধ্যমে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে, বিচারিক কাজের স্বাধীনতা নিশ্চিত করতে নিম্ন আদালতের বিচারকদের সুরক্ষা দেওয়া হাইকোর্টের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব। ভুল সিদ্ধান্ত বা ত্রুটিপূর্ণ আদেশের কারণে বিচারকদের বিরুদ্ধে ঢালাও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে তা সামগ্রিক বিচারব্যবস্থার মেরুদণ্ডকে দুর্বল করে দেবে।
২. জেলা ও অধীনস্থ আদালতের গুরুত্ব:
রায়ের পর্যবেক্ষণে বিচারপতি দীপক গুপ্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করেন যে, দেশের অধিকাংশ সাধারণ বিচারপ্রার্থী মানুষ উচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে আসার আর্থিক সামর্থ্য রাখেন না। তাদের কাছে একজন ম্যাজিস্ট্রেট বা সেশন জজের রায়ই চূড়ান্ত। তাই বিচারব্যবস্থার তৃণমূল স্তরে স্বচ্ছতা, সততা এবং সব ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। যদি বিচারকরা প্রতিনিয়ত শাস্তিমূলক ব্যবস্থার আতঙ্কে থাকেন, তবে তারা স্বাধীন ও নির্ভীকভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না।
সুপ্রিম কোর্টের মূল পর্যবেক্ষণ: "মানুষ মাত্রই ভুল করে (To error is human)। বিচারিক আসনে বসা এমন কেউ দাবি করতে পারবেন না যে তিনি জীবনে কখনো কোনো ভুল আদেশ দেননি। তাই ভুল আদেশের জন্য সরাসরি বিভাগীয় তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না, যদি না এর পেছনে সুনির্দিষ্ট অসৎ উদ্দেশ্য বা দুর্নীতির প্রমাণ থাকে।"
৩. আদেশের গুণগত মান বনাম উদ্দেশ্য: সুপ্রিম কোর্টের আইনি নীতিমালা
আদালত এই রায়ে স্পষ্ট আইনি সীমারেখা টেনে দিয়েছে যে, শুধু আদেশের গুণগত মান খারাপ বা ত্রুটিপূর্ণ হলেই তা শাস্তির কারণ হতে পারে না। এখানে প্রধান বিবেচ্য বিষয় হলো উদ্দেশ্য পরীক্ষা (Motive Test):
উদ্দেশ্য পরীক্ষা (Motive Test): একটি ভুল আদেশকে 'অপরাধ' বা 'অসদাচরণ' হিসেবে গণ্য করতে হলে তার পেছনে অবশ্যই বাহ্যিক প্রভাব (Extraneous Consideration), ব্যক্তিগত লাভ কিংবা কোনো পক্ষকে অনৈতিক সুবিধা দেওয়ার উদ্দেশ্য বা দুর্নীতির উপাদান থাকতে হবে, যা রেকর্ড বা প্রমাণের মাধ্যমে স্পষ্ট হতে হবে।
অসতর্কতামূলক ত্রুটি: যদি কোনো বিচারক নথিপত্র বা ফাইল পর্যালোচনায় অসতর্কতা দেখান, তবে তা নেহাতই অবহেলা (Negligence) হিসেবে গণ্য হতে পারে, কিন্তু এটিকে কোনোভাবেই বিচারিক অসদাচরণ (Misconduct) বলা যাবে না।
৪. উচ্চ আদালতের দ্বৈত ভূমিকা: শাসক ও রক্ষক
ভারতীয় সংবিধানের ২৩৫ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট নিম্ন আদালতগুলোর ওপর প্রশাসনিক ও শৃঙ্খলাগত নিয়ন্ত্রণ বজায় রাখে। তবে সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে যে, উচ্চ আদালতের এই ক্ষমতা শুধু শৃঙ্খলা রক্ষার জন্য নয়, বরং অধস্তন বিচারকদের পথপ্রদর্শন ও অভিভাবক হিসেবে সুরক্ষা দেওয়ার জন্যও।
যদি উচ্চ আদালত শুধু শাস্তির ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, তবে বিচারকরা মনস্তাত্ত্বিকভাবে রায় লিখতে ভয় পাবেন। এটি বিচারিক স্বাধীনতা এবং নির্ভীক চিত্তে ন্যায়বিচার প্রদানের পথকে বাধাগ্রস্ত করবে।
৫. ব্যবস্থার স্তরবিন্যাস (Gradation of Action):
রায়ের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বিচারিক ভুলের ধরণ অনুযায়ী পরবর্তী পদক্ষেপের একটি যৌক্তিক স্তরবিন্যাস (Gradation) স্পষ্ট করা, যা দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' বজায় রাখার পাশাপাশি সৎ বিচারকদের অভয় দেয়:
১. অসতর্কতামূলক ভুল (Negligent Error): এর জন্য সরাসরি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। তবে এই ধরনের উপাদানগুলো প্রশাসনিকভাবে বিচারকের সার্ভিস রেকর্ড বা ফাইলে নোট আকারে রাখা যেতে পারে, যা পরবর্তীতে তাঁর কর্মজীবনের অগ্রগতি, সিলেকশন গ্রেড বা পদোন্নতি মূল্যায়নের সময় বিবেচনা করা হবে।
২. অনবরত ভুল আদেশের ধারা (Continuous flow of wrong/illegal orders): যদি কোনো বিচারকের ক্ষেত্রে অনবরত ভুল বা বেআইনি আদেশ দেওয়ার একটি ধারাবাহিক প্রবণতা লক্ষ্য করা যায়, তবে নিয়ম অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসরে (Compulsory Retirement) পাঠানো যেতে পারে। রায়ের মূল স্পিরিট অনুযায়ী—এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং সেবার স্বার্থে নেওয়া একটি প্রশাসনিক পদক্ষেপ।
৩. দুর্নীতি বা অসৎ উদ্দেশ্য (Corrupt Motive): যেখানে স্পষ্ট ব্যক্তিগত লাভ, অনৈতিক সুবিধা বা দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, সেখানে জিরো টলারেন্স নীতি প্রযোজ্য হবে এবং শৃঙ্খলা তদন্তের মাধ্যমে সরাসরি চাকরিচ্যুতি বা বরখাস্তের মতো কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
৬. মামলার মূল ঘটনা: পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব ও দ্বৈত মানদণ্ডের সমালোচনা
আপিলকারী বিচারক কৃষ্ণ প্রসাদ বর্মার বিরুদ্ধে আনা দুটি অভিযোগই সুপ্রিম কোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে খণ্ডন করে এবং তদন্ত প্রক্রিয়ার একপেশে নীতির তীব্র সমালোচনা করে:
প্রথম অভিযোগ (জামিন সংক্রান্ত): তিনি একটি হত্যা মামলায় এমন কয়েকজন আসামিকে জামিন দিয়েছিলেন যাদের জামিন আবেদন এর আগে হাইকোর্ট খারিজ করেছিল। সুপ্রিম কোর্ট লক্ষ্য করে যে, জামিন শুনানির সময় সরকারি কৌঁসুলি (Public Prosecutor) এর কোনো বিরোধিতা করেননি। তাছাড়া, নিজের ভুল বুঝতে পেরে বিচারক বর্মা নিজেই মাত্র দুই মাসের মধ্যে ওই জামিন বাতিল করে আসামিদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। সুতরাং এখানে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।
দ্বিতীয় অভিযোগ ও দ্বৈত মানদণ্ড (Double Standard): একটি মাদক (NDPS) মামলায় তদন্তকারী কর্মকর্তাকে হাজির করতে না পেরে তিনি সাক্ষ্যগ্রহণ বন্ধ করে দেন, যার ফলে আসামি খালাস পেয়ে যায়। সুপ্রিম কোর্ট দেখে যে, বিচারক সরকারি পক্ষকে সাক্ষী আনার জন্য ১৮ বার সময় দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত সরকারি আইনজীবী নিজেই দৈনিক আদেশনামার পাশে লিখিত নোট দেন যে তারা সাক্ষী আনতে অপারগ।
এখানে সুপ্রিম কোর্ট শৃঙ্খলা প্রক্রিয়ার নিরপেক্ষতার অভাব দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলে— “আমরা বুঝতে ব্যর্থ হচ্ছি যে, কীভাবে বিচারককে কাঠগড়ায় দাঁড় করানো হলো, অথচ যে পাবলিক প্রসিকিউটর লিখিতভাবে সাক্ষী উপস্থাপনে অক্ষমতা জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।” সুপ্রিম কোর্ট হুবহু উল্লেখ করে যে, নিম্ন আদালতের বিচারকরা এক্ষেত্রে 'একদিকে কুয়ো আর অন্যদিকে খাই' (Between the devil and the deep sea) অবস্থায় পড়েন—বারবার সময় দিলে অদক্ষতার কারণে হাইকোর্ট ব্যবস্থা নেয়, আর সাক্ষ্য বন্ধ করলে আসামিকে সুবিধা দেওয়ার অপবাদ দেওয়া হয়।
৭. রায়ের ব্যবহারিক প্রভাব ও ভবিষ্যৎ নির্দেশনা
এই যুগান্তকারী রায়ের ব্যবহারিক প্রভাব সুদূরপ্রসারী:
নির্ভীক বিচারব্যবস্থা: এটি নিম্ন আদালতের বিচারকদের ওপর থেকে শাস্তির মানসিক চাপ দূর করে আরও নির্ভীক ও স্বাধীনভাবে কাজ করার আত্মবিশ্বাস জোগায়।
উদ্দেশ্য-ভিত্তিক মূল্যায়ন: শৃঙ্খলা প্রক্রিয়া এখন থেকে ফল-ভিত্তিক (Result-based) হবে না, বরং তা উদ্দেশ্য-ভিত্তিক (Motive-based) হবে। অর্থাৎ, রায়ের ফলাফল কী হলো তার চেয়ে রায়ের পেছনের উদ্দেশ্য কী ছিল, তা যাচাই করা হবে।