03/04/2026
আজকের আলোচ্যে বিষয় :
The Specific Relief Act 1877 এর
________________________________________________
দলিল সংশোধন (Rectification Of The Instruments)
__________________________________________________
সংশোধনের বিষয়টি তখনই আসে যখন দলিলে ভুল থাকে। দলিল প্রণয়নের সময় নানা কারণে দলিলে ভুল হতে পারে। সেই ভুলটি হতে পারে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত বা সেটা হতে পারে এক পক্ষের প্রতারণার মাধ্যমে বা দুই পক্ষের পারস্পরিক ভুলের কারণে । যে কারণেই দলিলে ভুল হোক না কেন দলিলটি অবশ্যই আদালতের মাধ্যমে সংশোধন করে নিতে হবে যদি দলিলটি আদালতের মাধ্যমে সংশোধন করা না হয় তাহলে উক্ত দলিল দ্বারা পক্ষদ্বয় বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদ্বয় উক্ত ভুল দলিল দ্বারা কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করতে পারে না তাই এই ধরনের ভুল দলিল থাকা বা না থাকা একই কথা । তাই দলিলের পক্ষদ্বয়কে আদালতের মাধ্যমে এই ধরনের ভুল সংশোধন করে নিতে হবে। যখন দলিলের পক্ষদ্বয় জানতে পারবে দলিলে ভুল হয়েছে এবং সেই ভুলের কারণে লিখিত দলিল সত্যিকারভাবে তাদের উদ্দেশ্য প্রকাশ করে না তখন থেকে ৩ বছরের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারা অনুযায়ী দলিলের যেকোনো পক্ষ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি দেওয়ানী আদালতে মোকদ্দমা দায়ের করে উক্ত ভুল সংশোধন করে নিতে পারবে।
➤দলিল বলতে কি বুঝায়?
__________________________________________________
সাক্ষ্য আইন ১৮৭২ সালের ৩ ধারা অনুযায়ী:
কোন বস্তু বা পদার্থের উপর
১) অক্ষর(Letters)
২) সংখ্যা(Figures)
৩) চিহ্ন(Marks)
ব্যবহার করে কোন তথ্য বর্ণনা করা বা সংরক্ষণ করা হলে তাই দলিল। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কোন একটি চুক্তির বিষয়বস্তু লিখিত আকারে বা সংখ্যার মাধ্যমে বা চিহ্নের মাধ্যমে যেভাবেই হোক না কেন কোন তথ্য সংরক্ষণ করা হলে তাই দলিল ।
➤কখন দলিল সংশোধনের জন্য আবেদন করা যায়:
________________________________________________
যখন কোন লিখিত দলিল নিম্নরূপ ভাবে সৃষ্টি করা হলে
১) প্রতারণার মাধ্যমে(By Fraud): দলিলের কোন পক্ষ যদি অপর পক্ষের সাথে প্রতারণার মাধ্যমে কোন দলিল সৃষ্টি করে তখন অপর পক্ষ যখন প্রতারণার বিষয়টি জানতে পারবে তখন থেকে ৩ বছরের মধ্যে উক্ত দলিলটি সংশোধনের জন্য আদালতের নিকট আবেদন করতে পারবে।
২) যদি এমন হয় পক্ষসমূহের নিজেদের পারস্পরিক ভুলের কারণে দলিলে ভুল হলে তখন উক্ত দলিলের ভুল সংশোধনের জন্য আদালতে নিকট আবেদন করা যাবে।(By Mistake of both Parties)
৩) যদি চুক্তি বা অপর কোনো লিখিত দলিল সত্যিকারভাবে তাহাদের উদ্দেশ্য প্রকাশ না করলে অর্থাৎ যে উদ্দেশ্যে পক্ষদ্বয় দলিলটি প্রস্তুত করতে চেয়েছিল সেই উদ্দেশ্যই যদি দলিলে লিপিবদ্ধ না করা হয় তখন উক্ত দলিলটি সংশোধনের জন্য আবেদন করা যাবে।
➤কে দলিল সংশোধনের জন্য আবেদন করতে পারে:
__________________________________________________
১) দলিলের যে কোন পক্ষ।
অথবা
২) তাহাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিনিধি দলিল সংশোধনের জন্য আবেদন করতে পারেন।
➤দলিল সংশোধনের ব্যাপারে আদালতের নিকট কি প্রমাণ করতে হবে:
________________________________________________
আদালতের কাছে প্রমাণ করতে হবে
১) দলিল প্রণয়নের ক্ষেত্রে প্রতারণা হয়েছে।
২) দলিল প্রণয়নের ক্ষেত্রে ভুল হয়েছে।
অথবা
৩) দলিলের পক্ষদ্বয় যে উদ্দেশ্যে দলিলটি প্রণয়ন করেছে সেই উদ্দেশ্যেই দলিলে লিপিবদ্ধ করা হয় নাই ।
➤যতদূর পর্যন্ত আদালত দলিল সংশোধন করতে পারে:
__________________________________________________
আদালত ততদূর পর্যন্ত এই দলিল সংশোধনের আদেশ দিতে পারে যা ৩য় পক্ষ কর্তৃক সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অর্জিত অধিকারে হস্তক্ষেপ না করে ।
➤দলিল সংশোধনের ব্যাপারে আদালতের ক্ষমতা:
__________________________________________________
আদালত তাহার ইচ্ছাধীন ক্ষমতা বলে দলিল সংশোধন করতে পারে। অর্থাৎ আদালত চাইলে দলিল সংশোধন করতে পারে আবার না-ও করতে পারে এটা তার ইচ্ছাধীন ক্ষমতা।(Discretionary Power)
➤দলিল সংশোধনের মোকদ্দমা দায়েরের সময়সীমা:
__________________________________________________
যখন দলিলের পক্ষদ্বয় দলিলের ভুল সম্পর্কে অবগত হবেন তখন থেকে ৩ বছরের মধ্যে দলিল সংশোধনের জন্য দেওয়ানী আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে।
➤মোকাদ্দমার কোর্ট ফি:
__________________________________________________
দলিল সংশোধনের মোকদ্দমায় মোকাদ্দমার মূল্যমানের উপর এডভেলোরাম কোর্ট ফি প্রদান করতে হয়।
➤কখন ভুল দলিলটি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যাবে:
_________________________________________________
যখনই উক্ত ভুল দলিলটি আদালতের মাধ্যমে সংশোধিত করা হবে তখনই দলিলটি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যাবে। (ধারা ৩৪)
অ্যাডভোকেট রেহানা খান
প্রভাষক
আইন বিভাগ
ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ। (UODA)