07/08/2026
হিফজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি অভিভাবকের
আলমডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবস্থিত মাদরাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল (আল তায়েবা মোড়)-এর এক হিফজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীর অভিভাবক বিশিষ্ট সাংবাদিক এম. সঞ্জু আহমেদ, যিনি সঞ্জু ফার্নিচারের স্বত্বাধিকারী, এসএফ টিভির স্বত্বাধিকারী এবং আলমডাঙ্গা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক।
অভিযোগকারী জানান, তার ছেলে নাজমুল আহমেদ সাকিব বর্তমানে ১৫ পারা হিফজ সম্পন্ন করেছে। সম্প্রতি ছুটি শেষে মাদ্রাসায় ফিরে যাওয়ার পর টানা তিন দিন পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেনি। বিষয়টি জানতে চাইলে সে কান্নায় ভেঙে পড়ে। ভিডিও কলে কথা বলার সময় তার মুখে একটি কালো দাগ দেখতে পান অভিভাবক।
শিক্ষার্থীর অভিযোগ, তিন দিন আগে মাদ্রাসার এক শিক্ষক তাকে মারধর করেন। অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি এবং বিষয়টি তার অভিভাবকদেরও জানানো হয়নি।
ঘটনা জানার পর অভিভাবক মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোর্শেদ আলম (ইমাম, থানা জামে মসজিদ, আলমডাঙ্গা)-এর সঙ্গে যোগাযোগ করেন। তবে প্রধান শিক্ষক বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত নন বলে জানিয়েছেন বলে অভিযোগকারীর দাবি। এ বিষয়ে উভয় পক্ষের আলোচনায় তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি বলেও তিনি জানান।
এম. সঞ্জু আহমেদ বলেন,
"একজন বাবা হিসেবে আমি ভীষণ কষ্ট ও হতাশার মধ্যে আছি। দীর্ঘদিন ধরে অন্যের ঘটনা ও অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছি। আজ নিজের সন্তানের ঘটনায় ন্যায়বিচারের প্রত্যাশায় কথা বলতে হচ্ছে। আমি চাই, কোনো শিক্ষার্থীর সঙ্গে যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।"
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত, সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
বিঃদ্রঃ এই প্রতিবেদনটি অভিযোগকারী অভিভাবকের বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক বা মাদ্রাসা কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে ন্যায্যতার স্বার্থে সেটিও প্রকাশ করা হবে।
#সর্বনাম_মিডিয়া