05/11/2023
সাংবাদিকতার নীতিমালা
প্রতিটি সংবাদপত্র অফিসে বা সংবাদমাধ্যমে লিখিত বা অলিখিতভাবে অনুসরণীয় কিছু নিয়ম- কানুন প্রচলিত থাকে। সংশিষ্ট ব্যক্তিবর্গ নৈতিকভাবে তা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ থাকেন। তবে কোন কোন সংবাদমাধ্যমের নীতি হয় চরম রক্ষণশীল; আবার কোন কোন মাধ্যমের নীতি হয় অনেকটাই 'হলদে সাংবাদিকতা' নির্ভর। সুস্থ সমাজ ও মর্যাদাবান জাতি গঠনে সাংবাদিক সম্প্রদায়ের একটি সামাজিক অঙ্গীকার থাকা বাঞ্চনীয়। বস্তুনিষ্ঠ তথ্য এবং পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করা প্রত্যেক সাংবাদিকেরই নৈতিক দায়িত্ব। একইসঙ্গে বিশ্বাসযোগ্যরূপে যথার্থ, নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ তথ্য পরিবেশন করাও সাংবাদিকদের প্রধান গুরুদায়িত্ব।
'সাংবাদিকতার নীতিমালা" বিষয়ে আলোচনা করতে গেলে অনিবার্যভাবে সংবাদক্ষেত্রের স্বাধীনতা (Press freedom) ও এর সামাজিক দায়বদ্ধতার (Social responsibility) প্রসঙ্গ এসে যায়। তাই এ সম্পর্কে কিছুটা আলোকপাত না করলেই নয়। তথ্য ও সত্য প্রকাশে সংবাদক্ষেত্রের স্বাধীনতা সর্বজনস্বীকৃত। তবে মনে রাখা জরুরি যে 'সাংবাদিকতার স্বাধীনতা' অর্থ অনুমোদিত সেচ্ছাচার নয়। সংবাদক্ষেত্রের স্বাধীনতার মধ্যে নিহিত রয়েছে সামাজিক অঙ্গীকার ও নৈতিক দায়বদ্ধতার মূল্যবোধ। সংবাদমাধ্যমগুলোর প্রধান লক্ষ্য বা মিশন হলো সংবাদ (News) ও মতামত (Views) পরিবেশনের মাধ্যমে সামাজিক অগ্রগতি ও কল্যাণকে ধাপে ধাপে এগিয়ে নেওয়া। সংবাদমাধ্যমসমূহ জাতীয় আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির উপর প্রতিবেদন, ফিচার, প্রবন্ধ, সম্পাদকীয়, চিঠিপত্রসহ বিভিন্ন ধরনের সংবাদ ও অভিমতধর্মী রচনা-পরিবেশনার মাধ্যমে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদমাধ্যম জনসাধারনকে তথ্য দিয়ে অবহিত করে, যুক্তি ও ব্যাখ্যা দিয়ে প্রণোদিত করে এবং কাঙ্খিত উন্নয়নের অনুকূলে জনগণকে উদ্বুদ্ধ করে। আর এই গুরুদায়িত্ব পালনের জন্য প্রতিটি সংবাদমাধ্যমের এমন একটি পরিবেশ প্রয়োজন যেখানে সে স্বাধীনভাবে কাজ করতে পারে। সঙ্গতকারণে বলা যায়-স্বাধীনভাবে সংবাদ ও মতামত প্রকাশের এবং মুদ্রিত সংবাদ কিংবা প্রযোজনা ও সম্পাদনাকৃত অনুষ্ঠানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বাধীনতাই হলো সংবাদপত্রের স্বাধীনতা। মুদ্রণ ও ইলেকট্রনিক উভয় প্রকার সংবাদমাধ্যমের ক্ষেত্রেই এই স্বাধীনতার প্রসঙ্গ সমানভাবে প্রযোজ্য। তবে সংবাদক্ষেত্রের স্বাধীনতা বলতে সাংবাদিকের এবং অপর যেকোনো ব্যক্তির তথ্য এবং অভিমত প্রকাশের স্বাধীনতাকেই বোঝানো হয়ে থাকে। মূল্যবোধ ও সংস্কৃতির ভিন্নতা সত্ত্বেও একটি দেশের গণতান্ত্রিক পরিবেশে সংবাদক্ষেত্রের কর্মীদের যে নিয়ম-নীতি মেনে চলতে হয় বর্তমান প্র সাংবাদিকতার সেসব সর্বজনীন নীতিমালাই সংক্ষেপে এ অংশে তুলে ধরা হলো। আলোচ্য নীতিমালার অধিকাংশই বাধ্যবাধকতার প্রশ্নে আইন দ্বারা আরোপিত নয়, বরং তা সংবাদক্ষেত্রের জন্য একপ্রকার স্বআরোপিত বিধি-নিষেধ ।
একুশ শতকের 'তথ্য সমাজ' বাস্তবতার কথা মনে রেখে তথ্য ও সংবাদসেবী মানুষ হিসেবে সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অনুরসণযোগ্য অসংখ্য নীতিমালার মধ্যে সাংবাদিকতার সঙ্গে বিভিন্নভাবে সম্পর্কযুক্ত বেশকিছু নীতিমালা সম্পর্কে বর্তমান কলেবরে আলোকপাত করা হলো। এদের মধ্যে কিছু নীতিমালা সাংবাদিকতার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। কিছু নীতিমালা পরোক্ষভাবে সম্পৃক্ত এবং এদের মধ্যে কিছু নীতিমালা সাধারণ এবং সর্বজনীন মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত; কিছু নীতিমালা সমাজনৈতিক বা সমাজ কল্যাণমূলক এবং কিছু অপরাধ ও আইন সংশ্লিষ্ট; আবার কিছু নীতিমালা রয়েছে সংবাদসূত্র ও উৎস সম্পর্কিত। তাই আলোচনার সুবিধার্থে আলোচ্যসব নীতিমালাকে এখানে চারভাগে শ্রেণিবদ্ধ করা হলো:
ক. সাধারণ ও প্রত্যক্ষ নীতিমালা
খ. সমাজ কল্যাণমূলক নীতিমালা
গ. অপরাধ ও আইন সংশ্লিষ্ট নীতিমালা
ঘ. সংবাদের উৎস-সূত্র সংশ্লিষ্ট নীতিমালা