02/06/2023
পুলিশ অফিসার মামলার সংবাদদাতা/বাদী হওয়ার আইনগত ভিত্তি/যৌক্তিকতা কতটুকু ?
ফৌজদারী কার্যবিধি,১৮৯৮ এর ১৫৪ ধারায় “আমলযোগ্য মামলার ক্ষেত্রে সংবাদ”
বিষয়ে বলা হয়েছে,
“কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কোন আমলযোগ্য অপরাধ সম্পর্কে মৌখিকভাবে দেয়া প্রত্যেকটি সংবাদ তিনি লিখিয়া নিবেন অথবা তার নির্দেশক্রমে উহা লিখিত হবে এবং সংবাদ দাতাকে উহা পড়ে শুনাতে হবে, এবং..........প্রত্যেকটি সংবাদ ইহা প্রদানকারী “ব্যক্তি” কর্তৃক স্বাক্ষরিত হবে ।
এখন বিচার্য বিষয় হল , পুলিশ কি ব্যক্তি ?
পুলিশ আইন,১৮৬১ তে পুলিশের সংজ্ঞায় বলা হয়েছে ,
পুলিশ বলিতে এই আইনের অধীনে নিযুক্ত সকল ব্যক্তিকে বুঝাইবে ।
অত্র আইন অনুযায়ী নিযুক্ত ব্যক্তি হয়ে যাচ্ছেন “পুলিশ”
কিন্তু ফৌজদারী কার্যবিধিতে পুলিশ শব্দটা ব্যবহার করা না হলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা শব্দদ্বয় দ্বারা পুলিশকে নির্দেশ করা হয়েছে ।
সেমতে ব্যক্তি/সংবাদদাতা বলতে পুলিশকে বোঝানো হয় নি বরং পুলিশের নিকট অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যিনি বা যে ব্যক্তি/কোম্পানি/প্রতিষ্ঠান সংবাদপ্রদান করবেন তাকে বুঝানো হয়েছে ।
তাছাড়া পুলিশ নিজে যখন মামলার সংবাদদাতা হয়ে অভিযোগ দায়ের করেন তিনি এজাহারে লিখেন গোপন সংবাদের ভিত্তিতে তিনি সংবাদ পেয়েছেন ।তার মানে হল তিনি প্রকৃত সংবাদদাতা নন, তিনি সংবাদটি শুনেছেন ।
১৮৭২ সালের সাক্ষ্য আইন মতে শোনা সাক্ষ্য আদালতে গ্রহনযোগ্য নয় ।
তাই বলা যায় যে, পুলিশ সংবাদদাতা হবেন না বরং পুলিশ হবেন সংবাদগ্রহিতা এবং প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু করবেন ।
সুতরাং বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক পুলিশ সংবাদদাতা/ বাদী হতে পারে না ।