আপনার আইনজীবী - চট্টগ্রাম

আপনার আইনজীবী - চট্টগ্রাম আপনার পাশে, আইনের শক্তিতে

06/02/2026

চেকের মাধ্যমে লেনদেন আমাদের দেশে খুবই পরিচিত একটি বিষয়। ব্যবসা হোক বা ব্যক্তিগত টাকা আদান-প্রদান, অনেকেই নিরাপদ মনে করে চেক ব্যবহার করেন। কিন্তু একটু অসতর্কতা থেকেই বড় ঝামেলা শুরু হতে পারে, বিশেষ করে যখন কোনো চেক ব্যাংক থেকে ফেরত আসে।

ব্যাংক যখন কোনো চেক গ্রহণ করে টাকা পরিশোধ করতে পারে না, তখন সেটাকে বলা হয় চেক ডিজঅনার বা চেক বাউন্স। সাধারণভাবে এটি ঘটে তখনই, যখন অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকে না, স্বাক্ষর মিল থাকে না, অথবা চেকে ভুল লেখা কিংবা কাটাকাটি থাকে। অনেকেই এটাকে শুধু আর্থিক সমস্যা মনে করেন, কিন্তু বাস্তবে এটি আইনগত সমস্যার কারণও হতে পারে।

চেক দেওয়ার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে ব্যাংক অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স আছে এবং চেকে লেখা তারিখ, টাকার অঙ্ক ও প্রাপকের নাম স্পষ্ট ও নির্ভুলভাবে লেখা হয়েছে। সামান্য ভুলও ব্যাংকের কাছে চেক বাতিল হওয়ার কারণ হতে পারে।

একইভাবে, চেক গ্রহণ করার সময়ও সতর্ক থাকা জরুরি। শুধু পরিচিত মানুষের কথা ভেবে বড় অংকের চেক গ্রহণ করলে পরে বিপদে পড়তে পারেন। সম্ভব হলে লেনদেনের লিখিত প্রমাণ রাখা এবং চেকদাতার পরিচয় নিশ্চিত করা নিরাপদ।

যদি কোনো চেক ডিজঅনার হয়ে যায়, তখন ঘাবড়ে না গিয়ে সময়মতো আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রথমেই ব্যাংক থেকে “রিটার্ন মেমো” বা ডিজঅনার স্লিপ সংগ্রহ করতে হবে। এটি প্রমাণ করে যে চেকটি ব্যাংক গ্রহণ করেনি।

এরপর আইন অনুযায়ী, চেক ডিজঅনার হওয়ার খবর পাওয়ার পর সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে চেক প্রদানকারীকে লিখিত আইনি নোটিশ পাঠাতে হয়। এই নোটিশে তাকে জানানো হয় যে চেকটি বাউন্স হয়েছে এবং টাকা পরিশোধ করতে হবে।

নোটিশ পাঠানোর পর চেক প্রদানকারীকে আরও ৩০ দিন সময় দেওয়া হয় টাকা পরিশোধ করার জন্য। অনেক ক্ষেত্রেই এই সময়ের মধ্যেই বিষয়টি মীমাংসা হয়ে যায়।

কিন্তু যদি নোটিশ পাওয়ার পরও টাকা পরিশোধ না করা হয়, তাহলে নোটিশের সময় শেষ হওয়ার পর পরবর্তী ৩০ দিনের মধ্যে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করা যায়। সময়সীমা পার হয়ে গেলে মামলা করার সুযোগ নষ্ট হতে পারে।

বাংলাদেশে Negotiable Instruments Act, 1881 অনুযায়ী চেক ডিজঅনার একটি শাস্তিযোগ্য অপরাধ। দোষী প্রমাণিত হলে জরিমানা এবং কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তাই চেক লেনদেনে সচেতন থাকা শুধু অর্থের নিরাপত্তা নয়, নিজের সম্মান ও আইনগত সুরক্ষার জন্যও অত্যন্ত জরুরি।

সচেতন থাকুন, সতর্ক থাকুন। চেক ব্যবহার করুন দায়িত্বের সাথে। প্রয়োজনে দ্রুত আইনগত পরামর্শ নিন।

আইনি সহায়তা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন।

#চেকডিজঅনার #চেকবাউন্স #আইনজ্ঞান

বিদেশে থেকেও কি বাংলাদেশে জমি কেনা-বেচা করা যায়? সহজ ভাষায় জেনে নিনঅনেক প্রবাসী ভাই-বোনের একটা কমন প্রশ্ন,“আমি তো বিদেশে...
04/02/2026

বিদেশে থেকেও কি বাংলাদেশে জমি কেনা-বেচা করা যায়? সহজ ভাষায় জেনে নিন

অনেক প্রবাসী ভাই-বোনের একটা কমন প্রশ্ন,“আমি তো বিদেশে থাকি, তাহলে বাংলাদেশে জমি কিনতে বা বিক্রি করতে পারবো তো?”
উত্তর হলো: হ্যাঁ, পারবেন।
বাংলাদেশের আইন অনুযায়ী আপনি বিদেশে থেকেও জমি কেনা-বেচা করতে পারেন। তবে বিষয়টা একটু নিয়ম মেনে করতে হয়, না হলে পরে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে।
ধরুন আপনি সৌদি আরবে থাকেন। আপনার চট্টগ্রামে একটা জমি আছে, সেটা বিক্রি করতে চান। এখন আপনি তো আর হুট করে দেশে গিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে হাজির হতে পারবেন না। আবার জমির কাজ তো থেমে থাকে না। ঠিক এই জায়গাতেই আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়, পাওয়ার অব অ্যাটর্নি (Power of Attorney)।

পাওয়ার অব অ্যাটর্নি মানে হলো, আপনি একজন বিশ্বস্ত মানুষকে লিখিতভাবে অনুমতি দিলেন, সে আপনার হয়ে জমি সংক্রান্ত কাজ করবে। যেমন দলিল করা, রেজিস্ট্রি অফিসে উপস্থিত থাকা, প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করা ইত্যাদি।
একটা সহজ উদাহরণ দেই,
আপনি লন্ডনে থাকেন। আপনার বাবা বাংলাদেশে আছেন। আপনি চাইলে আপনার বাবাকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে রাখতে পারেন, যাতে আপনার জমি বিক্রি করার প্রয়োজন হলে আপনার বাবা আপনার পক্ষ থেকে দলিল সম্পন্ন করতে পারেন। এতে আপনার দেশের ভ্রমণ খরচও বাঁচে, সময়ও বাঁচে, কাজও আটকে থাকে না।

কিন্তু এখানে একটা কথা খুব জরুরি, পাওয়ার অব অ্যাটর্নি দিলেই সব শেষ না। এটা সঠিকভাবে তৈরি এবং আইন অনুযায়ী সম্পন্ন করতে হবে। কারণ ভুলভাবে বা তাড়াহুড়ায় করা পাওয়ার অব অ্যাটর্নি পরে বড় সমস্যার কারণ হতে পারে। অনেক সময় দেখা যায়, একজনকে ভরসা করে পাওয়ার দেওয়া হলো, পরে সেই ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে ফেললো। আবার কখনো জমির কাগজ ঠিক না থাকলে রেজিস্ট্রি করতে গিয়ে আটকে যায়।
আরেকটা বাস্তব উদাহরণ বলি,
একজন প্রবাসী ভাই তাঁর এক আত্মীয়কে পাওয়ার অব অ্যাটর্নি দিলেন, কিন্তু সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল না “জমি বিক্রি করার ক্ষমতা দেওয়া হলো”। পরে ক্রেতা দলিল করতে গেলে রেজিস্ট্রি অফিস আপত্তি তুললো, কারণ কাগজে স্পষ্ট অনুমতি নেই। ফলাফল? সময় নষ্ট, টাকা নষ্ট, মানসিক চাপ আলাদা।
তাই বিদেশে থেকেও জমি কেনা-বেচা করতে চাইলে সবচেয়ে নিরাপদ উপায় হলো, কাজ শুরু করার আগে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে কাগজপত্র ঠিক করা। কারণ জমি সংক্রান্ত বিষয়ে একবার ভুল হলে পরে সেটি ঠিক করতে অনেক সময় মামলা-মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়।

সবশেষে সহজ করে বললে,
আপনি বিদেশে থাকলেও বাংলাদেশে জমি কেনা-বেচা করা সম্ভব। তবে নিয়ম মেনে, কাগজপত্র ঠিক রেখে এবং প্রয়োজন হলে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে কাজ করলেই নিরাপদভাবে সম্পন্ন করা যায়।

আপনার যদি প্রবাস থেকে জমি কেনা-বেচা নিয়ে কোনো প্রশ্ন থাকে, কমেন্টে লিখুন, আপনার বিষয়টা দেখে সহজ ভাষায় গাইড করার চেষ্টা করবো।

01/02/2026

“জমি কিনলাম… কিন্তু পরে বুঝলাম জমিটা না, ঝামেলাই কিনে ফেলেছি!”

একদিন একজন ভাই আমার কাছে আসলো।
চোখেমুখে আনন্দ, বলল, “ভাই, জমি কিনে ফেলতেছি! আলহামদুলিল্লাহ… এবার নিজের একটা জায়গা হবে।”

আমি বললাম, “অভিনন্দন! কাগজপত্র দেখেছেন?”

সে একটু থেমে বলল, “কাগজ তো আছে ভাই… দলিল আছে… লোকটা ভালো মানুষ… তাছাড়া দামও কম পাইছি।”

আমি আর কিছু বললাম না। কারণ আমি জানি, বাংলাদেশে জমি কেনার পর সবচেয়ে কমন একটা বাক্য হলো, “ভাই, তখন তো বুঝি নাই…”

😶 ১৫ দিন পর… আবার সেই লোকটা, এবার মুখটা আর আগের মতো উজ্জ্বল না।
বলল, “ভাই, সমস্যা হইয়া গেছে।”

আমি বললাম, “কি সমস্যা?”

সে বলল, জমিটা নাকি এক না… দুই জনের একপাশের লোক বলছে, “এই অংশটা আমাদের”,
আরেকজন বলছে, “এইটা তো রাস্তার জায়গা”
তহসিল অফিসে গিয়ে শুনছে “খাজনা আপডেট নাই” মিউটেশনও নাকি ঠিক মতো হয় নাই

আমি শুধু একটা কথাই বললাম, “ভাই, আপনি জমি কিনবেন না… আপনি ঝুঁকি কিনছেন।”

জমি কেনার সময় আমরা সাধারণত ৩টা জিনিস দেখে, দাম কম কি না, জায়গাটা সুন্দর কি না, বিক্রেতা ভালো মানুষ কি না।

কিন্তু আসল বিপদ হয় ২টা জায়গায়
১) কাগজ আছে মানেই সব ঠিক না
দলিল থাকলেই জমি “ক্লিয়ার” এটা ভুল ধারণা।
কারণ দলিলের ভেতরে অনেক সময় এমন জিনিস লুকিয়ে থাকে, যেটা আপনি না বুঝলেও সমস্যা আপনারই হবে।

২) জমিটা “কাগজে” একরকম, “মাঠে” আরেকরকম
অনেক সময় জমির সীমানা, দাগ নম্বর, রাস্তা, দখল, এসব বাস্তবে মিলেনা। কাগজে যেটা দেখছেন, মাঠে সেটা নাও থাকতে পারে।

তাহলে জমি কেনার আগে কী করবেন?
আমি সবসময় মানুষকে একটা কথা বলি, “জমি কেনার আগে ৩ জায়গায় খোঁজ নিন”
১) কাগজে
২) অফিসে
৩) মাঠে

১) কাগজে দেখবেন
দলিল কার নামে? আগের মালিক কে ছিল? একই জমি বারবার বিক্রি হয়েছে কিনা?(বায়া দলিল)

খাজনা/দাখিলা আছে কিনা?
২) ভূমি অফিসে যাচাই করবেন
কারণ জমি নিয়ে আসল সত্যটা অনেক সময় “অফিসের রেকর্ডে” থাকে। যেমন- মিউটেশন, খতিয়ান, নামজারি, খাজনা এসব।

৩) মাঠে গিয়ে দেখবেন
জমি কিনবেন, কিন্তু জমিটা চোখে না দেখে?
এটা এমন মোবাইল কিনবেন কিন্তু অন করে দেখবেন না 😅

মাঠে গিয়ে দেখুন, জমি দখলে আছে কিনা, সীমানা ঠিক আছে কিনা, রাস্তা আছে কিনা, পাশের মানুষ কী বলে?

জমি কেনা মানে শুধু টাকা দিয়ে দলিল করা না।
জমি কেনা মানে, “আপনি শান্তি কিনছেন নাকি মামলা কিনছেন” সেটা আগে নিশ্চিত করা।

শেষ কথা
জমি কিনতে গেলে লজ্জা করবেন না। বারবার প্রশ্ন করবেন। বারবার যাচাই করবেন।
কারণ একবার ভুল করলে… জমি ঠিক করা যায়, কিন্তু বছরের পর বছর ঝামেলা যায় না।

#জমি_ক্রয় #বাংলাদেশ #আইনজীবী_পরামর্শ

31/01/2026

চুক্তি সাইন করার আগে এই ৭টা জিনিস না দেখলে পরে আফসোস করবেন! আমরা অনেক সময় তাড়াহুড়ো করে চুক্তিতে সাইন করে ফেলি।
কিন্তু সত্যি কথা হলো, একটা ভুল চুক্তি আপনাকে টাকা, সময়, শান্তি সবকিছু হারাতে বাধ্য করতে পারে।

তাই যেকোনো চুক্তিপত্র স্বাক্ষরের আগে এই বিষয়গুলো অবশ্যই চেক করুন,

১) চুক্তির পক্ষ (Party) কারা, এটাই আগে নিশ্চিত করুন,
চুক্তিতে যাদের নাম আছে, তারাই আইনগতভাবে দায়ী হবে। অনেক সময় দেখা যায়, কোম্পানির নাম-ঠিকানা সব লেখা আছে, কিন্তু শেষে সাইন করছে একজন ব্যক্তি নিজের নামে!
মনে রাখবেন:
কোম্পানি আলাদা “লিগ্যাল পারসন” মানে কোম্পানির নামে চুক্তি হলে কোম্পানিই দায়ী হবে, ডাইরেক্টর ব্যক্তি হিসেবে না।
সহজ ভাষায় বললে:
জমিদারের সাথে বিয়ে ঠিক করে ঝাড়ুদারের সাথে বিয়ে দিয়ে দিলে যেমন সমস্যা,
ঠিক তেমনি কোম্পানির জায়গায় ভুল মানুষ সাইন করলে পরে আপনি কিছুই করতে পারবেন না।

২) চুক্তির বিষয়টা যেন “ফকফকা” পরিষ্কার থাকে
চুক্তিতে কী সার্ভিস/কি পণ্য/কি জায়গা, সব কিছু স্পষ্টভাবে লিখে রাখুন।
“একটা ফ্ল্যাট”, “কিছু কাজ”, “একটা গাড়ি” এভাবে অস্পষ্ট হলে পরে ঝামেলা হবে।
কাজ/পণ্য নিয়ে দ্বন্দ্ব হলে কোর্ট আন্দাজ করবে না, লেখা দেখে সিদ্ধান্ত দেবে। যত পরিষ্কার লিখবেন, তত নিরাপদ থাকবেন।
উদাহরণ:
চুক্তিতে লেখা আছে “দোতালার একটা ফ্ল্যাট ভাড়া”
কিন্তু দোতালায় যদি ৪টা ফ্ল্যাট থাকে, তাহলে কোনটা?
পরে মামলা হলে কোর্ট আপনার হয়ে আন্দাজ করবে না। আপনাকেই প্রমাণ করতে হবে।

৩) কথা হয়েছে যেগুলো—সব চুক্তিতে লিখে রাখুন।
চুক্তি করার সময় আমরা অনেক কিছু মুখে মুখে ঠিক করি- “এটা করে দেব”, “ওটা ফ্রি থাকবে”, “এইটা বাদ যাবে না”, “সময়মতো ডেলিভারি দিব” ইত্যাদি।
কিন্তু সমস্যা হলো, চুক্তি সাইন হয়ে গেলে কোর্ট সাধারণত কাগজে লেখা কথাই দেখে। মুখে বলা কথার প্রমাণ না থাকলে পরে সেটা ধরে রাখা খুব কঠিন।

৪) “এস্কেপ ক্লজ” আছে কিনা দেখুন (চুক্তি বাতিল করার পথ)-
চুক্তিতে ঢোকা যত সহজ, বের হওয়া তত কঠিন হতে পারে। ধরুন, আপনি ৬ মাসের চুক্তিতে সার্ভিস নিলেন, ১ মাস পর বুঝলেন কাজ ভালো না। কিন্তু চুক্তিতে লেখা আছে- “চুক্তি বাতিল করা যাবে না/ টাকা ফেরত হবে না/আগেই পুরো টাকা দিতে হবে।”
তাই আগে দেখুন,
চুক্তি বাতিল করা যাবে কীভাবে?
কতদিন আগে নোটিশ দিতে হবে?
কোনো জরিমানা আছে কি না?
যেটা থেকে বের হওয়ার রাস্তা নেই, সেটা সাইন করার আগে ১০ বার ভাবুন।

৫) শুধু সাদা কাগজে সাইন মানেই চুক্তি নয়-
অনেক চুক্তি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে করতে হয়।
না হলে পরে আইনগত শক্তি দুর্বল হয়ে যায়।
(ব্যতিক্রম কিছু আছে, যেমন প্রমিসরি নোট)

৬) কিছু চুক্তি রেজিস্ট্রি না করলে মূল্যই থাকে না বিশেষ করে জমি/সম্পত্তি সংক্রান্ত দলিল। জমির দলিল রেজিস্ট্রি না করলে সেটা প্রায় “অকার্যকর কাগজ” হয়ে যায়।
(দুঃখজনক হলেও সত্যি!)

৭) সব চুক্তি আইনসম্মত হয় না-
আপনি যাই লিখেন না কেন, কিছু বিষয় আইন কখনোই সমর্থন করবে না। যেমন- অপরাধ, ক্ষতি করা, অনৈতিক/অবৈধ শর্ত ইত্যাদি।
চুক্তি হতে হবে বৈধ + আইনসম্মত।

শেষ কথা (খুব গুরুত্বপূর্ণ)
আইনে বাধা না থাকলে, যেকোনো বৈধ জিনিসের বিনিময় মূল্য যেকোনো বৈধ জিনিস হতে পারে। মানে আপনি চাইলে ১ কোটি টাকার গাড়িও ১ টাকায় বিক্রি করতে পারেন, আইনে বাধা নেই (যদি অন্য কোনো ফ্রড/চাপ প্রয়োগ না থাকে)।

ছোট্ট রিমাইন্ডার-
চুক্তি মানে শুধু সাইন না, চুক্তি মানে ভবিষ্যতের নিরাপত্তা।
তাই সাইন করার আগে বুঝে পড়ুন, দরকার হলে আইনজীবির পরামর্শ নিন।

পোস্টটা কাজে লাগলে শেয়ার করতে পারেন,
কারো একটা ভুল সিদ্ধান্ত থেকে হয়তো বড় ক্ষতি বাঁচবে।

#চুক্তি #আইনজীবীপরামর্শ

Address

Chattogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when আপনার আইনজীবী - চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share