Legal Rights-আইনী অধিকার

Legal Rights-আইনী অধিকার Now you can get legal advice from experienced lawyers from home on our platform.
(1)

প্রযুক্তি সহজ করেছে মানুষের জীবনমানের। ঘরে বসেই অনলাইনে মানুষ শপিং করছে, খাবার অর্ডার করছে, এপসের এক ক্লিকে গাড়ি এসে হাজির হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। আইনের জগতটা কেন প্রযুক্তির এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হবে? তাই Legal Rights (আইনী অধিকার) নিয়ে এসেছে অনলাইন আইন সেবা৷ ঘরে বসেই দেশের প্রখ্যাত, প্রথিতযশা ও অভিজ্ঞ আইনজীবীর সাথে যেকোনো আইনী পরামর্শ নিতে পারেন Legal Rights এর সহযোগিতায়। ইতোমধ্যে Legal R

ights অনলাইনে এই আইনী সেবা দিয়ে অনেকের সন্তুষ্টি অর্জনে ভুমিকা রেখেছে।
যেকোনো রকম আইনী পরামর্শের জন্য এই ফর্মটি পূরণ করুন https://forms.gle/PCXC9pG7cASm2Nxy7
Legal Rights
Your online legal solution
যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে যোগাযোগ করুন-01973227349
আমাদের থেকে আইনী সেবা নিলে আপনি যে সুবিধা গুলো পাবেন;
১. ঘরে বসে আপনার আইনী সমস্যার সম্পর্কে ব্যক্তিগত ভাবে জানতে পারবেন।
২. আপনার জন্য একজন অভিজ্ঞ আইনজীবী এর সাথে অনলাইনে সাশ্রয়ী মূল্যে আলোচনা করতে পারবেন।
৩. আপনি যে সকল আইনী সমস্যায় পড়তে যাচ্ছেন সেগুলো সম্পর্কে সচেতন হতে পারবেন।
৪. আপনি কোনো আইনী ব্যবস্থা গ্রহন করতে যে সকল ডকুমেন্টস ও আইনী প্রমাণ দরকার, সেগুলোর সম্পর্কে জানতে পারবেন।
৫. আইনী জটিলতায় অনেক অর্থ খরচ হওয়ার আগেই স্বল্পমূল্য এ জানতে পারবেন See less

17/05/2026

সব আইনজীবীর কাজ এক নয়!

অনেকেই মনে করেন একজন আইনজীবীর কাজ শুধু আদালতে দাঁড়িয়ে মামলা পরিচালনা করা…
কিন্তু বাস্তবে আইন পেশা এর চেয়েও অনেক বড় ও বিস্তৃত।

বাংলাদেশে আইনজীবীদের কাজের বিভিন্ন ক্ষেত্র👇

👨‍⚖️ ফৌজদারি আইনজীবী (Criminal Lawyers)
খুন, চুরি, প্রতারণা, মাদক, সাইবার অপরাধসহ বিভিন্ন ফৌজদারি মামলায় আসামি বা বাদীর পক্ষে আদালতে লড়াই করেন।

🏠 ভূমি ও সম্পত্তি আইনজীবী (Property Lawyers)
জমিজমা বিরোধ, দলিল, নামজারি, ভোগদখল, ভাড়া সংক্রান্ত বিরোধ ও সম্পত্তি হস্তান্তরের কাজ পরিচালনা করেন।

👫 পারিবারিক আইনজীবী (Family Lawyers)
তালাক, ভরণপোষণ, সন্তানের হেফাজত, পারিবারিক বিরোধ ও উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন।

💼 কর্পোরেট আইনজীবী (Corporate Lawyers)
কোম্পানি রেজিস্ট্রেশন, ব্যবসায়িক চুক্তি, আইনি পরামর্শ ও কোম্পানির আইনগত বিষয় দেখভাল করেন।

👷 শ্রম আইনজীবী (Labour Lawyers)
চাকরি থেকে অবৈধভাবে বহিষ্কার, বেতন-বোনাস, শ্রমিক অধিকার ও কর্মস্থলের বিরোধ নিয়ে কাজ করেন।

🧾 কর আইনজীবী (Tax Lawyers)
আয়কর, ভ্যাট ও কর সংক্রান্ত জটিলতা সমাধানে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তা করেন।

🌍 মানবাধিকার আইনজীবী (Human Rights Lawyers)
অন্যায় আটক, নির্যাতন, নাগরিক অধিকার লঙ্ঘন ও মানবাধিকার বিষয়ক মামলায় কাজ করেন।

🎵 বিনোদন ও মেধাস্বত্ব আইনজীবী (Entertainment & IP Lawyers)
শিল্পী, ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসার কপিরাইট, ট্রেডমার্ক ও চুক্তি সংক্রান্ত বিষয় দেখেন।

🌐 সাইবার আইনজীবী (Cyber Lawyers)
অনলাইন প্রতারণা, হ্যাকিং, ডিজিটাল নিরাপত্তা, ফেসবুক/সোশ্যাল মিডিয়া সংক্রান্ত অপরাধ নিয়ে কাজ করেন।

⚓ মেরিটাইম আইনজীবী (Maritime Lawyers)
জাহাজ, বন্দর, আমদানি-রপ্তানি ও সমুদ্রপথে বাণিজ্য সংক্রান্ত আইনি বিষয় পরিচালনা করেন।

🛢️ জ্বালানি ও বিদ্যুৎ খাতের আইনজীবী (Oil, Gas & Energy Lawyers)
বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও বড় প্রকল্প সংক্রান্ত আইনগত বিষয় দেখেন।

⚖️ সাংবিধানিক আইনজীবী (Constitutional Lawyers)
সংবিধান ব্যাখ্যা, রাষ্ট্রীয় ক্ষমতা ও নাগরিক অধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আদালতে লড়াই করেন।

আইন পেশা শুধু কালো কোট পরে আদালতে দাঁড়ানো নয়…
আইন পেশা সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচা‌র নিশ্চিত করার দায়িত্ব বহন করে।

একটা আইন…
কিন্তু লড়াই ভিন্ন।
ক্ষেত্র ভিন্ন।
দায়িত্ব ভিন্ন। ⚖️🔥

(সকল ধরনের আইনজীবীর পরামর্শ পেতো যোগাযোগ করুন Legal Rights-আইনী অধিকার এর সাথে)

17/05/2026

বর্তমানে বহুল প্রচলিত একটি মামলা হল, চেকের মামলা!

এই মামলায় প্রতিকার পাওয়া সহজ বিধায় , সিকিউরিটি চেকের বিষয়টি ব্যাপক জনপ্রিয়।

🔹 ১. মামলা শুরুর ধাপ
💳 চেকের মামলা শুরু হয় চেক ডিজঅনার হওয়ার মাধ্যমে।

🔹 ২. লিগ্যাল নোটিশ
📩 চেক ডিজঅনার হওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে চেকদাতার বরাবর আইনি (লিগ্যাল) নোটিশ পাঠাতে হবে।

🔹 ৩. টাকা পরিশোধের সময়সীমা
⏳ নোটিশ প্রাপ্তির পরও যদি ৩০ দিনের মধ্যে চেকদাতা টাকা পরিশোধ না করেন, তাহলে মামলা করার অধিকার জন্ম নেয়।

🔹 ৪. মামলা দায়ের
📝 নোটিশের সময়সীমা শেষ হওয়ার পর পরবর্তী ১ মাসের মধ্যে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করতে হবে।

🏛️ ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম

🔹 ৫. অভিযোগ আমলে গ্রহণ
⚖️ ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করবেন।

🔹 ৬. জামিন
👨‍⚖️ সমন পেয়ে আসামি আদালতে হাজির হয়ে জামিন নিতে পারবেন।
✅ চেকের মামলা জামিনযোগ্য।

🔹 ৭. মামলা বদলি
📂 জামিন গ্রহণের পর ম্যাজিস্ট্রেট মামলাটি বিচারের জন্য দায়রা আদালতে বদলি করবেন।

⚖️ দায়রা আদালতের বিচার কার্যক্রম

🔹 ৮. বিচারক
👨‍⚖️ পাচ লক্ষ টাকার কম হলে মামলাটি বিচার করবেন ম্যাজিস্ট্রেট এবং পাচ লক্ষ টাকার অধিক হলে মামলাটির বিচার করবেন যুগ্ম দায়রা জজ।

🔹 ৯. চার্জ শুনানি
📌 নির্ধারিত তারিখে আদালত সন্তুষ্ট হলে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করবেন।

🔹 ১০. সাক্ষ্য গ্রহণের দিন ধার্য
🗓️ চার্জ গঠনের পর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হবে।

🧾 বাদী ও আসামির সাক্ষ্য

🔹 ১১. বাদীর সাক্ষ্য
🧑‍💼 বাদী সাক্ষ্য প্রদান করবেন।
📄 সাক্ষ্যের সময় আদালতে জমা দিতে হবে
✔️ মূল চেক
✔️ চেক ডিজঅনার স্লিপ
✔️ লিগ্যাল নোটিশ
✔️ অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র

🔹 ১২. জেরা
❓ আসামি পক্ষের আইনজীবী বাদীকে জেরা করতে পারবেন।

🔹 ১৩. ৩৪২ ধারার জিজ্ঞাসাবাদ
⚖️ বাদীপক্ষের সাক্ষ্য শেষে আদালত ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিকে জিজ্ঞাসাবাদ করবেন।

🔹 ১৪. সাফাই সাক্ষ্য
🗣️ আসামি চাইলে সাফাই সাক্ষ্য প্রদান করতে পারবেন।
🔍 এ সময় বাদীপক্ষের আইনজীবী আসামিপক্ষের সাক্ষীকে জেরা করবেন।

🧑‍⚖️ রায় ও শাস্তি

🔹 ১৫. যুক্তিতর্ক
📢 সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্কের জন্য তারিখ নির্ধারণ করা হবে।

🔹 ১৬. রায় ঘোষণা
⚖️ যুক্তিতর্ক শেষে আদালত রায়ের তারিখ ধার্য করবেন।

🔹 ১৭. সম্ভাব্য শাস্তি
📌 আদালত দিতে পারেন
⛓️ অনধিক ১ বছর কারাদণ্ড, অথবা
💰 চেকের অর্থের সর্বোচ্চ ৩ গুণ জরিমানা, অথবা
⚖️ উভয় দণ্ড।

📤 আপিল ও পরবর্তী ধাপ

🔹 ১৮. আপিল ও জামিন
💵 আসামি চাইলে চেকে বর্ণিত টাকার ৫০% জমা দিয়ে আপিল দায়েরের শর্তে জামিন নিতে পারবেন।

🔹 ১৯. আপিলের সময়সীমা
⏰ রায়ের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে দায়রা জজ আদালতে আপিল দায়ের করতে হবে।

🔹 ২০. রিভিশন
🏛️ দায়রা জজ আদালতের রায়ে সংক্ষুব্ধ হলে হাইকোর্ট ডিভিশনে রিভিশন দায়ের করা যাবে।

🚨 অনুপস্থিত আসামির ক্ষেত্রে

🔹 ২১. ওয়ারেন্ট
🚔 সমন পাওয়ার পরও আসামি হাজির না হলে আদালত ওয়ারেন্ট জারি করতে পারবেন।

🔹 ২২. হুলিয়া
📢 পুলিশ গ্রেফতার করতে ব্যর্থ হলে আদালত হুলিয়া জারি করতে পারবেন।

🔹 ২৩. পত্রিকায় বিজ্ঞপ্তি
📰 এরপরও হাজির না হলে দৈনিক বাংলা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

🔹 ২৪. অনুপস্থিতিতে বিচার
⚖️ তাতেও আসামি হাজির না হলে আসামির অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলবে।

📌 নোট: চেক সংক্রান্ত মামলা একটি টেকনিক্যাল মামলা সঠিক সময়সীমা ও কাগজপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।

#চেকেরমামলা #বাংলাদেশআইন

যারা বিয়ে করবেন এবং করেছেন।সকলের বিষয়টা জানা মহা–জরুরী। 📌 প্রশ্ন—বিবাহের মজলিসে কাবিননামার ১৮ নং ধারা তথা স্ত্রীকে তালাক...
26/04/2026

যারা বিয়ে করবেন এবং করেছেন।
সকলের বিষয়টা জানা মহা–জরুরী।

📌 প্রশ্ন—
বিবাহের মজলিসে কাবিননামার ১৮ নং ধারা তথা স্ত্রীকে তালাক প্রদানের অধিকার প্রদান সম্পর্কে কোনো আলোচনা হয়নি; বরং কাজী সাহেব ফরম পূরণ করে বরের স্বাক্ষর নিয়ে কাবিন শেষ করেন। এরপর শরয়ী নিয়মে বিবাহ সম্পন্ন হয়।

প্রায় দুই বছর যাবত আলাদা থাকার পর মেয়েপক্ষ বিবাহ ভঙ্গ করতে চাচ্ছে। প্রশ্ন হল, স্ত্রী এখন বিবাহ ভেঙ্গে দিতে পারবে কি না? অর্থাৎ বর্তমান সরকারি আইন অনুসারে সে ডিভোর্স করতে পারবে, শরয়ী দৃষ্টিতে এটা সহীহ হবে কি না?

📌 উত্তর :
▬▬▬▬▬☞
প্রশ্নের মূল উত্তরের আগে জানা দরকার যে, শরীয়তের দৃষ্টিতে তালাকের ক্ষমতা রয়েছে শুধু স্বামীর। তবে স্ত্রীকে স্বামী কতৃর্ক তালাক গ্রহণের ক্ষমতা প্রদান করা হলেই স্ত্রীও নিজ নফসের উপর তালাক গ্রহণ করতে পারে। কিন্তু যদি এধরনের ক্ষমতা না দেওয়া হয় তাহলে স্ত্রী নিজের উপর তালাক কার্যকর করতে পারবে না। স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা অর্পণ করা হলে শরীয়তের পরিভাষায় একে তাফউইজ তালাক বলে। আর স্বামী তার স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা তখনই দিতে পারবে যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তাই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে কোনো পাত্র পাত্রীকে তালাক গ্রহণের অনুমতি দিলেও তা ধর্তব্য হবে না। কারণ, বিয়ের আগে পাত্র নিজেই তালাক প্রয়োগের ক্ষমতা রাখে না। সুতরাং সে অন্যকে কীভাবে অধিকার দিবে? শরীয়তের উপরোক্ত নীতির আলোকে সুস্পষ্টভাবে বোঝা গেল যে, প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু কাবিননামাটি পূরণ এবং তাতে স্বাক্ষর হওয়ার কাজ বিবাহের আকদের পূর্বেই সংগঠিত হয়েছে তাই বিবাহের আগে কাবিননামার ১৮ নং ধারায় স্ত্রীকে তালাক গ্রহণের যে অধিকার দেওয়া হয়েছে শরীয়তের দৃষ্টিতে তা গ্রহণযোগ্য নয়। সুতরাং প্রশ্নের বর্ণনামতে সত্যই যদি কাবিননামাটি বিয়ের আগেই সম্পন্ন করা হয়ে থাকে তাহলে এই ক্ষমতাবলে স্ত্রী নিজে তালাক গ্রহণ করতে পারবে না, যদি করে তবে দেশীয় আইনে তা কার্যকর ধরা হলেও শরীয়তে সেই তালাক ধর্তব্য নয়। এতে তাদের বিবাহবিচ্ছেদ হবে না।

উল্লেখ্য, যদি ওই দম্পতির মাঝে সমঝোতা ও মনের মিল না হয় এবং মহিলাটি ওই ব্যক্তির কাছে থাকতে কিছুতেই ইচ্ছুক না হয় তাহলে স্বামীর জন্য উক্ত স্ত্রীকে আটকে রাখাও ঠিক হবে না; বরং এক্ষেত্রে তার উচিত হল মৌখিকভাবে মহিলাটিকে তালাক গ্রহণের ক্ষমতা দিয়ে দেওয়া। যদি সে তা না করে তাহলে ওই মহিলা আদালতের আশ্রয় নিয়ে এবং সঠিক ঘটনাবলী জানিয়ে বিষয়টির সুরাহা করতে পারে।

📌 সহজে বলি :
▬▬▬▬▬▬▬☞
স্ত্রী কখনই স্বামীকে তালাক দিতে পারে না। তখনই পারে যখন বিয়ের পর কাবিননামার ১৮ নং কলামে স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দেয়। যদি ১৮ নং কলাম সম্পর্কে স্বামী না জেনে থাকে বরং ক্বাযী নিজ ইচ্ছাতে হ্যাঁ দিয়ে দেয়, তাহলেও স্ত্রী তালাকের অধিকার পাবে না। কারণ, স্বামী এই বিষয়ে জানতো না। স্ত্রী তালাক চাইতে পারে, তালাক দিতে নয়।

⚖️ নির্ভরযোগ্য আইনি পরামর্শের জন্য এখনি যোগাযোগ করুন❤️

আপনার যেকোনো আইন সংক্রান্ত মামলার / বিরোধের সঠিক দিকনির্দেশনা এবং সমাধানের উপায় পেতে আমাদের সম্মানিত পরিচালক আবদুল্লাহ স্যারের সাথে সরাসরি কথা বলুন। অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আপনাকে আপনার মামলার বাস্তবসম্মত অবস্থা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে স্পষ্ট ধারণা প্রদান করবেন।

📌 কেন আমাদের আইনি পরামর্শ নেবেন?

✔️ অভিজ্ঞ ও দক্ষ আইনি নির্দেশনা
✔️ আপনার সমস্যার গোপনীয়তা সম্পূর্ণভাবে রক্ষা করা হয়
✔️ দ্রুত ও বাস্তবভিত্তিক সমাধানের পরামর্শ
✔️ অনলাইনেই সহজে পরামর্শ গ্রহণের সুবিধা

21/04/2026

আপনার নামে মামলা হয়েছে? ভয় পেয়ে পালিয়ে যাওয়ার কথা মাথায় আসছে? মামলা হয়েছে জানতে পারার পরে আপনি কি করবেন?
যদি জানা না থাকে জেনে নিন এখনিই! মামলা হলে ভয় না পেয়ে, দেরি না করে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত।

১। প্রথমে নিশ্চিত হতে হবে মামলাটি কোথায় হয়েছে?
অর্থাৎ থানায় নাকি আদালতে দায়ের করা হয়েছে তা জেনে নিতে হবে।
ফৌজদারি মামলা দায়ের করা যায় থানায় বা আদালতে।
থানায় মামলা হলে এই ধরনের মামলা কে জি.আর (জেনারেল রেজিস্ট্রার) মামলা বলি। যদি নালিশি দরখাস্ত দাখিলের মাধ্যমে সরাসরি আদালতে মামলা দায়ের করা হয় তাকে সি আর মামলা বলে থাকি।

২। ভালোভাবে ভেবে চিন্তে আপনি ভালো জানেন চেনেন বা আপনার কোনো আপনজনের মাধ্যমে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করে তার সাহায্য নিন এবং মামলাটি কোন ধারায় এবং কি অপরাধের জন্য করা হয়েছে তা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জেনে নিন।

৩। যদি মামলাটি থানায় দায়ের করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার রিলেটিভ বা কোনো আপনজনের মাধ্যমে মামলার ডিটেলস জেনে নিন। মনে রাখা ভালো এবং সাবধান হওয়া উচিৎ যদি মামলাটি জামিন অযোগ্য অপরাধ এবং আমলযোগ্য অপরাধ সংক্রান্ত হয়ে থাকে তাহলে গ্রেফতার হতে পারেন তাই থানায় নিজে গিয়ে খোঁজ নেওয়ার চেয়ে আপনজনের মাধ্যমে জেনে নেওয়া উচিৎ।

৪। বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দ্রুত এফআইআর (FIR) বা অভিযোগের কপি সংগ্রহ করুন।
এতে আপনি বুঝতে পারবেন অভিযোগ কী এবং কোন ধারায় মামলা হয়েছে।

৫। মামলাটি গুরুতর বা জামিন অযোগ্য হলেও বা গ্রেফতারের আশঙ্কা থাকলে, অবিলম্বে হাইকোর্টে আগাম জামিন (Anticipatory Bail) এর আবেদন ক্রমে আগাম জামিন নিয়ে নিতে হবে।

৬। আপনি চাইলে বিজ্ঞ আইনজীবির মাধ্যমে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করতে পারেন। এছাড়াও যদি আগাম জামিন না পান, তাহলে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে হবে।

৭। প্রমাণ ও ডকুমেন্ট প্রস্তুত রাখুনঃ
আপনার পক্ষে যে কাগজপত্র বা সাক্ষী আছে সেগুলো সংগ্রহ করুন। এগুলো মামলার সময় কাজে লাগবে।

👉 গুরুত্বপূর্ণ পরামর্শ:
পুলিশের ভয়ে আত্মগোপন বা পালিয়ে থাকবেন না, এতে সন্দেহ বাড়ে।
নিজে নিজে কোনো দফারফা (Settlement) করতে যাবেন না, আইনজীবীর পরামর্শ নিন।
শান্ত থাকুন, লুকিয়ে না থেকে আইনি পথে এগোন। সময়মতো সঠিক পদক্ষেপ নিলে অনেক সমস্যাই সহজে সমাধান হয়।

16/04/2026

পুলিশ অভিযোগ না নিলে পরবর্তী করণীয় — কোথায় ও কীভাবে জানাবেন?

আমরা এমন এক দেশে বাস করি, যেখানে আজও অভিযোগের ঝুড়ি ভরা, অথচ অনেক সময় থানার দরজায় দাঁড়িয়ে মানুষ শুনতে হয় “এই মামলা আমরা নিতে পারব না।” একবিংশ শতাব্দীতেও এমন কথা শোনা যায়, যা কেবল হতাশাজনকই নয়, বরং আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এটা আমরা নানা সময়ে দেখেছি , কখনো প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায়, কখনো ক্ষমতাবান কিংবা তথাকথিত বড়লোক বা নেতাদের নির্দেশে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। কিন্তু এই “অভিযোগ না নেওয়া” বিষয়টি কোনো সাধারণ প্রশাসনিক বিষয় নয়; এটি একটি গুরুতর অপরাধ।

বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি, পুলিশ রেগুলেশন্স ১৯৪৩ বেঙ্গল (PRB) এবং উচ্চ আদালতের একাধিক রায় অনুযায়ী, কোনো ধর্তব্য অপরাধ সংঘটিত হলে পুলিশ মামলা নিতে বাধ্য। বাংলাদেশে প্রতিটি থানার বাইরে যে সিটিজেনস চার্টার টাঙানো থাকে, সেখানে স্পষ্টভাবে বলা আছে , কীভাবে মামলা দায়ের করতে হয়, পুলিশের ভূমিকা কী এবং যদি থানা অভিযোগ নিতে অস্বীকৃতি জানায়, তবে নাগরিক কী প্রতিকার পাবেন।

অপরাধের তথ্য পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) দায়ের ও তদন্ত শুরু করতে আইনগতভাবে বাধ্য। ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী, যদি কেউ কোনো ধর্তব্য অপরাধের তথ্য থানায় দেন, তাহলে ওসি তা লিখে নেবেন, তথ্যদাতার স্বাক্ষর নেবেন এবং যা লিখেছেন তা পড়ে শোনাবেন। এরপর সেটি নির্দিষ্ট খাতায় সংরক্ষণ করবেন। এই প্রক্রিয়াই এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গণ্য হয়।

এখানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত বিবেচনার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ আদালতও বলেছেন, এফআইআর দায়েরের কোনো বাঁধাধরা নিয়ম নেই। এমনকি টেলিফোনে কেউ ধর্তব্য অপরাধের অভিযোগ জানালে এবং পুলিশ কর্মকর্তা সেটি লিখে নিলে, সেটিও এফআইআর হিসেবে গণ্য হবে এবং পুলিশ তদন্ত শুরু করতে বাধ্য।

এখন প্রশ্ন উঠতে পারে, ধর্তব্য অপরাধ বলতে আসলে কী বোঝায়? ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে বলা আছে. চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, অপহরণসহ বড় ধরনের যেকোনো অপরাধই ধর্তব্য অপরাধ। পুলিশ রেগুলেশন্স বেঙ্গল-১৯৪৩ (PRB)-এর ২৪৪ নম্বর প্রবিধানে বলা হয়েছে, কোনো অপরাধ আপাতদৃষ্টিতে সত্য মনে হোক বা মিথ্যা, গুরুতর হোক বা মামুলি- যদি তা দণ্ডবিধি বা কোনো বিশেষ বা স্থানীয় আইনে শাস্তিযোগ্য হয়, তবে পুলিশ বাধ্যতামূলকভাবে অভিযোগ রেকর্ড করবে। এই প্রবিধানে “shall” শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ বাধ্যবাধকতা। অর্থাৎ পুলিশ এখানে কোনো বিকল্প সিদ্ধান্ত নিতে পারে না।

থানায় মামলা না নেওয়ার কারণে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থাও রয়েছে। পুলিশ আইন, ১৮৬১ সালের ২৯ নম্বর ধারা অনুযায়ী, কোনো পুলিশ কর্মকর্তা যদি ইচ্ছাকৃতভাবে নিয়ম অমান্য করেন, দায়িত্ব পালনে গাফিলতি করেন বা শৈথিল্য দেখান, তাহলে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা যেতে পারে। যদি তিনি অপরাধী প্রমাণিত হন, তাহলে তাকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা তিন মাসের বেতনের সমপরিমাণ জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে।

আইনের এই বিধান মামলার স্বাভাবিক প্রক্রিয়া রোধের মতো অপরাধকে শাস্তিযোগ্য করে, যাতে কোনো পুলিশ কর্মকর্তা আইনের অপব্যবহার করতে না পারেন। এখানে “নিয়ম বা রেগুলেশন লঙ্ঘন” বলতে মূলত PRB-এর ২৪৪ নম্বর প্রবিধানের লঙ্ঘনকেই বোঝানো হয়েছে। অর্থাৎ থানায় পুলিশ মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানালে এবং তা প্রমাণিত হলে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে এই শাস্তি ভোগ করতে হবে।

আমাদের না জানার কারণেই অনেক সময় আমরা ন্যায়বিচারের নাগাল পাই না। অথচ জানা থাকলে আমরা নিজের অধিকার নিজেরাই রক্ষা করতে পারি।

প্রত্যেক নাগরিকের জানা উচিত, পুলিশ যদি কখনো মামলা নিতে অস্বীকৃতি জানায়, তখন কীভাবে, কোথায় এবং কার কাছে অভিযোগ জানাতে হয়। ন্যায়বিচার কোনো দান নয়- এটি আমাদের সংবিধানপ্রদত্ত অধিকার। আর সেই অধিকার রক্ষার শুরু হয় - নিজের কণ্ঠ থামিয়ে না রেখে, আইন জানার মধ্য দিয়েই।

চলুন জেনে নেই , পুলিশ যদি কখনো মামলা নিতে অস্বীকৃতি জানায় পরবর্তী করণীয় - কোথায় ও কীভাবে জানাবেন?

● পুলিশ মামলা নিতে অস্বীকার করলে পিটিশন দাখিলের বিস্তারিত প্রক্রিয়া:
যদি পুলিশ কোনো অভিযোগ নিতে অস্বীকার করে, ন্যায়বিচার নিশ্চিত করতে আপনি কয়েকটি ধাপে ব্যবস্থা নিতে পারেন। নিচে বিস্তারিত নির্দেশনা দেওয়া হলো:

১. প্রয়োজনীয় নথি ও প্রমাণাদি প্রস্তুত
• পিটিশনের জন্য প্রয়োজনীয় সকল নথি, প্রমাণাদি, ছবি, ভিডিও, চিকিৎসা প্রতিবেদন, সাক্ষীদের তথ্য সংগ্রহ করুন।
• অভিযোগের ঘটনার তারিখ, সময়, স্থান ও বিস্তারিত বিবরণ লিখে রাখুন।
এটি পরবর্তীতে থানায়, আদালত বা মানবাধিকার সংস্থায় উপস্থাপন করা হবে।

২. থানায় লিখিতভাবে আবেদন
যখন থানার অফিসার অভিযোগ নিতে অস্বীকৃতি জানায়, তখন তাদের কাছে লিখিত আবেদন করুন।
আবেদনটি পরিষ্কার ও সাবলীল ভাষায় লিখুন:
• আপনার নাম, ঠিকানা
• ঘটনার তারিখ, সময় ও স্থান
• ঘটনার বিস্তারিত বর্ণনা
থানার অফিসিয়াল রেকর্ডে (রসিদ, দারখাস্ত রেজিস্ট্রি বই) আপনার আবেদন নথিভুক্ত হবে।
যদি পুলিশ পুনরায় অজুহাত দেয়, লিখিতভাবে অস্বীকারের কারণ চাইতে পারেন। এটি পরবর্তী সময়ে প্রমাণ হিসেবে কাজে লাগবে।

৩. ঊর্ধ্বতন পুলিশ কতৃপক্ষের নিকট আবেদন
থানার কর্মকর্তা যদি কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নিকট আবেদন করুন:
• জেলার পুলিশ সুপার (SP)
• ডিবি ও বিভাগীয় পুলিশ অফিস
• পুলিশ কমিশনার বা মহাপরিদর্শক (IGP), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা
IGP কমপ্লেইন সেল:
• ফোন: 01769693535 / 01769693536
• ই-মেইল: [email protected]
অভিযোগপত্র জমা দেওয়ার সময় লিখিত আবেদন ও প্রমাণাদি সংযুক্ত রাখুন এবং লিখিত প্রতিক্রিয়া দাবি করুন।

৪. ম্যাজিস্ট্রেট আদালতে “আর্জি” দাখিল
যদি পুলিশ উচ্চ ও মধ্যপদস্থ কর্তৃপক্ষেও ব্যবস্থা না নেন, আইনানুগভাবে ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি অভিযোগ (আর্জি) দাখিল করা যায়।
প্রয়োজনে একজন দক্ষ আইনজীবীর সহায়তা নিন। যিনি আপনাকে মামলা দায়ের করতে সাহায্য করবেন।
এখানে অভিযোগ দায়ের করলে আদালত সেই অভিযোগ মূল্যায়ন করে পুলিশকে FIR রূপে গ্রহণ, তদন্ত বা প্রতিবেদন দাখিল আদেশ দিতে পারেন।
এ ধরনের মামলা সাধারণত “নালিশি মামলা” নামে পরিচিত।
আবেদন দাখিলের সময় অবশ্যই প্রমাণ, সাক্ষীর তথ্য ও ঘটনার ধারাবিবরণ সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।
যদি আদালত আবেদন গ্রহণ না করে বা খারিজ করে, সাধারণত ৩০ দিনের মধ্যে দায়রা জজ আদালতে রিভিশন করা যায়।

৫. জাতীয় মানবাধিকার কমিশন ও স্বাধীন সংস্থায় অভিযোগ:
মানবাধিকার সংস্থার ভূমিকা
মানবাধিকার সংস্থাগুলি আইনি সহায়তা, পরামর্শ, তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সাহায্য করে।
বাংলাদেশে বিভিন্ন সংস্থা এই ধরনের সহায়তা প্রদান করে।

অভিযোগ দাখিলের ধাপ
• অভিযোগ প্রস্তুত করা: লিখিত অভিযোগে সমস্যার বিস্তারিত বিবরণ, সময়, স্থান, ঘটনার বর্ণনা উল্লেখ করুন। প্রমাণাদি সংরক্ষণ করুন (ছবি, ভিডিও, চিকিৎসা প্রতিবেদন, সাক্ষ্য)।
• উপযুক্ত সংস্থা নির্বাচন : মানবাধিকার সংস্থার তালিকা প্রস্তুত করুন। সমস্যা নির্দিষ্ট বিষয়কেন্দ্রিক হলে বিশেষায়িত সংস্থা বেছে নিন।
• অভিযোগ দাখিল: ডাকযোগে: অফিসে অভিযোগ পাঠিয়ে প্রাপ্তি রশিদ সংগ্রহ করুন। ই-মেইল: সংস্থার ই-মেইল ঠিকানায় স্ক্যান কপি পাঠান। অনলাইনে: সংস্থার অনলাইন পোর্টালে অভিযোগ দাখিল করুন। ফোনে যোগাযোগ করুন, অভিযোগের অবস্থা জানতে পারেন। প্রয়োজনে সংস্থার সঙ্গে সাক্ষাৎ করুন।

নিচে কিছু গুরুত্বপূর্ণ মানবাধিকার সংস্থার নামঃ
• BLAST (Bangladesh Legal Aid and Services Trust)
ঠিকানা: সরদার ভবন, ৩য় তলা, ৩৭/২ পুরানা পল্টন, ঢাকা ১০০০
ইমেইল: [email protected]
• অধিকার (Odhikar)
ঠিকানা: ৪/২/এ, বারিধারা মসজিদ লেন, দক্ষিণ বারিধারা, ঢাকা ১২১২
ইমেইল: [email protected]
• BMBS (Bangladesh Human Rights Implementation Society)
ঠিকানা: ২৭/১১, টিপু সুলতান রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
ইমেইল: [email protected]
• MHRCF (Manobadhikar Sangskriti Foundation)
ঠিকানা: ৪৮/১, পান্থপথ, ঢাকা ১২০৫
ইমেইল: [email protected]

৬. জনমত গঠন ও গণমাধ্যম ব্যবহার-
• অনলাইন সংবাদ মাধ্যম
নিউজ পোর্টাল: অভিযোগের বিবরণ পাঠান এবং প্রকাশের অনুরোধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম: ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ব্যবহার করে জনসমর্থন আদায় করুন।
• প্রেস কনফারেন্সঃ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ দিয়ে অভিযোগ তুলে ধরুন। ভিডিও বিবৃতি রেকর্ড করে সংবাদমাধ্যমে পাঠান। এটি সবচেয়ে কার্যকরী ।

সংবাদমাধ্যম ব্যবহার করার সময়:
• প্রমাণ সংগ্রহ: আপনার অভিযোগের সাথে প্রমাণাদি সংযুক্ত করুন যাতে আপনার অভিযোগটি বিশ্বাসযোগ্য হয়।
• সততা ও স্পষ্টতা: আপনার অভিযোগে সততা ও স্পষ্টতা বজায় রাখুন। অভিযোগের তথ্যগুলো সঠিক ও নির্ভুল হওয়া জরুরি।
• আইনি পরামর্শ: সংবাদমাধ্যমে অভিযোগ জানানোর আগে আইনি পরামর্শ নিন যেন আপনার পদক্ষেপগুলি আইনি দৃষ্টিকোণ থেকে সঠিক হয়।
গণমাধ্যমে অভিযোগ জানানোর মাধ্যমে আপনি আপনার অধিকার সুরক্ষিত করতে এবং ন্যায়বিচার পেতে সহায়ক হতে পারেন।

৭. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ব্যবহার;
• অনলাইন পোর্টাল ও হেল্পলাইন: পুলিশের অনলাইন পোর্টাল এবং হেল্পলাইন নম্বর ব্যবহার করুন। এটি দ্রুত এবং সহজভাবে আপনার অভিযোগ দাখিলের উপায় হতে পারে।
• অবিচার রুখতে জনসচেতনতা জরুরি:
আপনার অভিজ্ঞতা সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, টুইটার) তুলে ধরুন। সাংবাদিকদের বরাবর চিঠি লিখুন, সংবাদ প্রকাশের দাবী করুন। সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে তারা আপনার ঘটনার অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরি করতে পারেন। প্রচারণা ও জনদাবি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে পারে

৮. গুরুত্বপূর্ণ কিছু শতর্কতা:-
• সব ধাপে নথিপত্র সংরক্ষণ করুন (লিখিত আবেদন, রসিদ, কপি)
• প্রমাণ যত ভালো ও স্পষ্ট হবে, বিষয়টি প্রতিষ্ঠা সহজ হবে
• আইনজীবীর পরামর্শ নিন, বিশেষ করে আদালতে মামলা করার প্রক্রিয়া ও সময়সীমা সম্পর্কিত
• মিথ্যা অভিযোগ এড়ান -এটি আইনি বিপদ সৃষ্টি করতে পারে
• সময়সীমা মিস করবেন না

উপসংহার:
যদি পুলিশ আপনার অভিযোগ না নেন, হতাশ হবেন না। আইন, সংবিধান এবং মানবাধিকার সংস্থা আপনার পাশে আছে। সুসংগঠিতভাবে প্রতিকার দাবি করুন, সাহস হারাবেন না এবং ন্যায্যতা প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। অপরাধ রুখতে এবং ন্যায়ের পথে দাঁড়াতে আজই পদক্ষেপ নিন।

15/04/2026

জাল দলিল কিভাবে চিনবেন? প্রতারিত হওয়ার পূর্বেই
জাল দলিল চেনার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট জেনে নিন...............

১। কোনো দলিল নিয়ে সন্দেহ হলে রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা দলিলের সাল মিলিয়ে দেখতে হবে। এজন্য নির্দিষ্টভাবে দরখাস্ত করতে হবে। এতে দলিলটির যাবতীয় তথ্য দিতে হবে। সাব-রেজিস্ট্রি অফিসে নির্দিষ্ট ফিস জমা দিয়ে দলিলের ভলিউম বা বালাম বই তল্লাশি করুন। যদি ভলিউমে ওই দলিলের কোনো অস্তিত্ব না থাকে, তবে সেটি নিশ্চিত জাল।

২। . দলিলদাতা বা মূল মালিকের তথ্য: দলিলের দাতা (বিক্রেতা) আসল কি না, তা স্থানীয়ভাবে ও দলিল দেখে নিশ্চিত হোন। অনেক সময় মৃত ব্যক্তি বা অন্যের জমি নিজের নামে দলিল করে বিক্রি করা হয়। এক জমির একাধিক মালিকের নামে করা থাকলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে। এক্ষেত্রে সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মূল মালিক কে, তা নির্ণয় করতে হবে।

৩। নামজারি (Mutation) ও খতিয়ান যাচাই: ইউনিয়ন ভূমি অফিস বা উপজেলা ভূমি অফিস (AC Land) থেকে সর্বশেষ নামজারি ও খতিয়ান (CS, SA, RS, BS) যাচাই করুন। নামজারিতে ধারাবাহিকতা ঠিক আছে কি না, সেটা সুচারুভাবে পর্যবেক্ষণ করতে হবে। যদি দেখা যায়, সিএস জরিপের সঙ্গে বিক্রেতার খতিয়ানের কোনো গরমিল আছে, তাহলে বুঝতে হবে, কোনো জটিলতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, জরিপ খতিয়ানে জমির পরিমাণ পরবর্তী সময়ে যতবার বিক্রি হয়েছে, তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কি না, তা যাচাই করে দেখা। দাগ নম্বর, ঠিকানা এসব ঠিক আছে কি না, এসব যাচাই করতে হবে। পূর্বের মালিকের সাথে বর্তমান বিক্রেতার ধারাবাহিকতা ঠিক না থাকলে দলিল জাল।

৪। অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করে দলিলদাতা বা গ্রহীতার সাজা হয়। এক্ষেত্রে স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে স্বাক্ষরের সত্যতা যাচাই করিয়ে নেয়া যেতে পারে। এছাড়া ভূমি অফিস থেকে বিভিন্ন সিল পরীক্ষা করেও জালিয়াতি নির্ণয় করা যায়। খেয়াল রাখতে হবে, অনেক আগের দলিলে আগের চিহ্নিত কিছু সিল ব্যবহারই থাকে। আগের দলিল কিন্তু সিল যদি নতুন হয়, তাহলে ধরে নিতে হবে, দলিলটি জাল হতে পারে। একই সঙ্গে তারিখটিও ভালোভাবে যাচাই করতে হবে। দলিল রেজিস্ট্রির তারিখ কোনো সরকারি বন্ধের দিন থাকলে সন্দেহের অবকাশ থাকবে। অনেক সময় অর্পিত সম্পত্তি বা মৃত ব্যক্তির সম্পত্তি জীবিত দেখিয়ে জাল করা হয়।

৫. কাগজ ও কালির ধরন: পুরনো দলিলের কাগজ বা কালি কি বর্তমান সময়ের মতো লাগছে? অতিরিক্ত সাদা কাগজ বা সদ্য প্রিন্ট করা দলিলের ক্ষেত্রে সাবধান হোন এছাড়াও কোনো কাটাকাটি, ঘষামাজা বা ভিন্ন হাতের লেখা থাকলে সেটি সন্দেহজনক।

৬। আমমোক্তারনামা:
সম্প্রতি কোনো আমমোক্তারনামা দলিল থাকলে তাতে উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কি না যাচাই করতে হবে।

৭. ভায়া দলিল (Via Deed) অনুপস্থিতি: যদি জমিটি আগের মালিকের কাছ থেকে কেনা হয়, তবে আগের দলিলগুলো (ভায়া দলিল) সাথে থাকা প্রয়োজন। না থাকলে সেটি জাল হতে পারে।

৮. চৌহদ্দি ও দাগ নম্বর: দলিলের জমির দাগ নম্বর, খতিয়ান এবং মৌজার তথ্য রেকর্ডের সাথে মিলিয়ে দেখুন।

৯. মূল দলিল তলব: বিক্রেতা বা দালাল শুধু ফটোকপি দেখাতে চাইলে দলিলটি জাল হওয়ার সম্ভাবনা বেশি। সবসময় আসল বা মূল দলিল দেখতে চান।

১০। সিল-স্ট্যাম্প যাচাই:
দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্ট্যাম্পের পেছনে কোন ভেন্ডার থেকে স্ট্যাম্প কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে খেয়াল রাখুন। প্রতিটি স্ট্যাম্পের পেছনে একটি ক্রমিক নম্বর উল্লেখ থাকে। এ নম্বরটি ঠিক আছে কি না, প্রয়োজনে স্ট্যাম্প বিক্রেতার সঙ্গে দেখা করে যাচাই করে নিন।

১১। মালিকানা যাচাই:
জমির স্বত্ব কী বা মালিকানা যাচাই করতে হবে। বিক্রেতার কাছ থেকে সব দলিল, বিশেষ করে ভায়া দলিল চেয়ে নিতে হবে। সাব-রেজিস্ট্রি অফিস থেকে জানতে হবে সব দলিলের ক্রমিক নম্বর, দলিল নম্বর ঠিক আছে কি না।

[বিঃদ্রঃ উপরোক্ত পয়েন্টগুলো জানা থাকলে জাল দলিলের মাধ্যমে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকেনা।]

 #স্ত্রীর_বিরুদ্ধে_যৌতুকের_মামলা_করা_যায়..! 🤔🤔🤔২০১৮ সালের যৌতুক নিরোধ আইন অনুযায়ী স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করা সম...
11/04/2026

#স্ত্রীর_বিরুদ্ধে_যৌতুকের_মামলা_করা_যায়..! 🤔🤔🤔

২০১৮ সালের যৌতুক নিরোধ আইন অনুযায়ী স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করা সম্ভব।

#আইনের_সমতা: যৌতুক নিরোধ আইন ২০১৮-এর ধারা ২ অনুযায়ী, বিয়ের কোনো এক পক্ষ (স্বামী বা স্ত্রী) অন্য পক্ষের কাছে বিয়ের শর্ত হিসেবে কোনো অর্থ বা সম্পদ দাবি করলে তা যৌতুক হিসেবে গণ্য হবে।
#মামলা_দায়ের: এই আইনে কোথাও বলা নেই যে কেবল নারীরাই মামলা করতে পারবেন। যদি কোনো স্ত্রী বা তাঁর পরিবার স্বামীর পরিবারের কাছে যৌতুক দাবি করে, তবে স্বামীও স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন।
#শাস্তি: যৌতুক দাবি বা আদান-প্রদানের অপরাধে দোষী সাব্যস্ত হলে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড (সর্বনিম্ন ১ বছর) এবং ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
#ব্যতিক্রম: মোহরানা বা বিয়ের সময় উপহার হিসেবে দেওয়া সামগ্রী এই আইনের আওতায় যৌতুক হিসেবে গণ্য হবে না।
#সারকথা: আইনত বিয়ের যেকোনো পক্ষই (স্বামী বা স্ত্রী) যৌতুকের শিকার হলে অন্য পক্ষের বিরুদ্ধে মামলা করার অধিকার রাখেন। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই।

05/04/2026

⛔ দালাল ছাড়া ঘ‌রে ব‌সেই একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো

✅ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য : নামজারি প্রক্রিয়া ও খরচ :

নামজারি বা মিউটেশন হলো জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া। জমি ক্রয়-বিক্রয় বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করতে এটি অপরিহার্য।

✅নামজারি করতে যা যা প্রয়োজন:

নামজারি আবেদন করার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে :

1. জমির দলিলের সার্টিফাইড কপি/মূল কপি।

2. এস এ/আর এস খতিয়ানের কপি।

3. ওয়ারিশান সনদের কপি (যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি হয়)।

4. ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)।

5. বায়া দলিলের কপি (যদি প্রয়োজন হয়)।

6. মোবাইল নম্বর।

7. জাতীয় পরিচয়পত্র (NID)।

8. কর/খাজনার রশিদ।

✅ নামজারি প্রক্রিয়া:

১ম ধাপ:
mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে নাগরিক বা কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করুন। আবেদন করার পর একটি কেস নম্বর পাবেন, যা মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে।

২য় ধাপ:
আপনার আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্তের পর সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে।

৩য় ধাপ:
এসিল্যান্ড অফিস থেকে শুনানির তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। শুনানির পর ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে কিউআর কোডসহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন।

✅সময় ও খরচ:
নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।

মোট খরচ: ১১৭০ টাকা।

✅ তথ্য ও সহায়তা :
নামজারি আবেদন বিষয়ক যেকোনো তথ্যের জন্য কল সেন্টার 16122-এ যোগাযোগ করুন। অথবা সমস্যার সমাধানে ভিজিট করুন:

05/04/2026

কিভাবে বেদখলকৃত জমি উদ্ধার করবেন

উদ্ধারের উপায়:
১। সালিশের মাধ্যমে
২। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা প্রয়োগ করে
৩। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা প্রয়োগ করে
৪। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৮ ধারা প্রয়োগ করে

উদ্ধার প্রক্রিয়া:

অবৈধভাবে দখলকৃত ব্যক্তি জমি পুনরুদ্ধারের আবেদন করতে পারবেন। এ বিষয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা ২০২৪-এর ৬ ধারায় বিস্তারিত বলা আছে।

ধাপগুলো:

ক) নির্ধারিত ফরমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে।

খ) ম্যাজিস্ট্রেট আবেদন ও দলিল যাচাই করে ১৫ দিনের মধ্যে প্রতিপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেবেন এবং তদন্ত কর্মকর্তাকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলবেন।

গ) তদন্ত কর্মকর্তার রিপোর্ট পাওয়ার পর শুনানির জন্য দিন নির্ধারণ হবে।

ঘ) শুনানিতে আবেদনকারী, প্রতিপক্ষ ও সাক্ষীদের বক্তব্য নেওয়া হবে।

ঙ) যদি প্রমাণিত হয় যে আবেদনকারী অবৈধভাবে জমি থেকে উচ্ছেদ হয়েছেন, তাহলে ম্যাজিস্ট্রেট জমি পুনরুদ্ধারের আদেশ দেবেন।

চ) প্রয়োজনে তথ্য-প্রযুক্তি ব্যবহার করা যাবে (আইন অনুযায়ী)।

ছ) ম্যাজিস্ট্রেট প্রয়োজনে স্থাপনা অপসারণ, জব্দ, ক্রোক বা বিক্রি করার নির্দেশ দিতে পারেন।

জ) প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য থানাকে নির্দেশ দিতে পারেন।

সংক্ষেপে: যদি আপনার জমি কেউ জোর করে দখল করে, তাহলে আপনি সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে আইনগতভাবে দ্রুত জমি ফেরত পেতে পারেন।

01/04/2026

যদি আপনি একদমই না জানেন পুরাতন দলিল কার কাছে আছে, তবুও চিন্তার কিছু নেই। বাংলাদেশে সরকারি রেকর্ড থেকেই আপনি সেই দলিল খুঁজে বের করতে পারবেন। নিচে ধাপে ধাপে সহজভাবে বুঝিয়ে দিলাম 👇

🔹 ১. সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ করুন (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
প্রথমে আপনার এলাকার সাব-রেজিস্ট্রি অফিসে যান। এখানেই সব জমির দলিল সংরক্ষিত থাকে।
কী তথ্য লাগতে পারে:
জমির মালিকের নাম (পুরাতন/বর্তমান)
মৌজার নাম
আনুমানিক দলিলের বছর
খতিয়ান নম্বর (থাকলে ভালো)
কীভাবে খুঁজবেন:
“Index Register” বা “Volume Book” দেখে খুঁজে বের করা হয়
আপনি আবেদন করলে অফিসের কর্মচারীরা খুঁজে দিতে সাহায্য করবে
👉 দলিল নম্বর বের হলেই “Certified Copy” নিতে পারবেন

🔹 ২. ভূমি অফিস থেকে খতিয়ান বের করুন
আপনি যদি দলিলের কোনো তথ্য না জানেন, তাহলে আগে খতিয়ান বের করুন।
কোথায় পাবেন:
ইউনিয়ন ভূমি অফিস
উপজেলা ভূমি অফিস
কী পাবেন:
CS / SA / RS খতিয়ান
জমির মালিকের নাম
দাগ নম্বর
👉 এই তথ্য দিয়ে পরে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল খুঁজে পাওয়া সহজ হবে

🔹 ৩. অনলাইনে খোঁজ করার চেষ্টা করুন
বর্তমানে অনেক তথ্য অনলাইনে পাওয়া যায়।
ব্যবহার করতে পারেন:
ePorcha
👉 এখানে খতিয়ান ও জমির তথ্য দেখা যায়
⚠️ তবে সব পুরাতন দলিল অনলাইনে নাও থাকতে পারে

🔹 ৪. স্থানীয় মানুষদের সাহায্য নিন
এলাকার বয়স্ক মানুষ বা প্রতিবেশীদের জিজ্ঞেস করুন
পূর্বের মালিক বা দলিল লেখকের (deed writer) কাছে তথ্য থাকতে পারে
👉 অনেক সময় এভাবে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়

🔹 ৫. সার্ভেয়ার বা আইনজীবীর সাহায্য নিন
যদি নিজে খুঁজে না পান:
একজন ভূমি বিশেষজ্ঞ বা আইনজীবী নিয়োগ করতে পারেন
তারা দ্রুত রেকর্ড খুঁজে দিতে পারে

🔹 ৬. শেষ উপায়: আদালতের মাধ্যমে তথ্য সংগ্রহ
যদি কোনোভাবেই তথ্য না পান:
আদালতের মাধ্যমে রেকর্ড অনুসন্ধানের আবেদন করতে পারেন
আদালত সংশ্লিষ্ট অফিসকে তথ্য দিতে নির্দেশ দিতে পারে

⚠️ গুরুত্বপূর্ণ কথা
দলিল হারিয়ে গেলেও জমির মালিকানা হারায় না
সরকারি রেকর্ডই আসল প্রমাণ
ধৈর্য ধরে খুঁজলে অবশ্যই পাওয়া সম্ভব

✅ সংক্ষেপে

👉 আপনি না জানলেও দলিল খুঁজে পাওয়া সম্ভব:
সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ
ভূমি অফিস থেকে খতিয়ান
অনলাইন (ePorcha)
স্থানীয় তথ্য
প্রয়োজনে আইনগত সহায়তা

Address

Chattogram Software Technology Park 6th Floor
Chittagong

Telephone

+8801953227349

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Rights-আইনী অধিকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Legal Rights-আইনী অধিকার:

Share